আইএসসি-তে ৯০.৩%, সিনেমা-নাটক করলেও পড়াশোনা লাটে তোলেননি ঋতব্রত
আইএসসি-তে ৯০.৩ শতাংশ নম্বর পেয়ে সমালোচকদের একহাত নিলেন অভিনেতা ঋতব্রত, যাঁরা একসময় বলেছিলেন তিনি অভিনয়ের জন্য পড়াশোনা লাটে তুলেছেন।
তাঁকে শুনতে হয়েছিল, 'সিনেমা-থিয়েটার করে করে ওর পড়াশোনাটা লাটে উঠেছে।' আইএসসি পরীক্ষায় অসাধারণ ফল করে ফেসবুকে সেইসব সমালোচকদের একহাত নিলেন অভিনেতা ঋতব্রত মুখার্জী। ফলের জন্য ধন্যবাদ জানালেন তার বাবা-মা, শিক্ষকশিক্ষিকা ও বন্ধুদের।

সোমবার ফল প্রকাশের পরই সগর্বে তা ফেসবুকে জানান তিনি। ঋতব্রত লেখেন, 'আইএসসি ২০১৮: ৯০.৩%। আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, পরিবারের সকলকে এবং বন্ধুদের অনেক ধন্যবাদ। তোমাদের অনেক ভালবাসা পেয়েছি। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই তাঁদেরকে, যাঁরা বলেছিলেন 'সিনেমা বা থিয়েটার করে ওর পড়াশোনা লাটে উঠেছে।'
তবে ভাল রেজাল্টের করেছেন বলে সেই আনন্দে একটা দিন ফুর্তি করে কাটাবেন, সে পাত্র তিনি নন। ফেসবুকেই জানান বিকেলে তাঁর একটি থিয়েটার শো ছিল। সেই সঙ্গে জানান তিনি আবার কৌশিক গাঙ্গুলির ফিল্মের সেটে ফিরছেন। তিনি লেখেন, 'সন্ধ্যায় খাঁচার একটি শো ছিল, সেখানে আমি লাইভ মিউজিক টিমের সদস্য। আজ থেকে আমি আবার কৌশিক গাঙ্গুলির কিশোর কুমার জুনিয়র-এর শুটিং শুরু করলাম। কন্ঠী-শিল্পীদের নিয়ে কৌশিক গাঙ্গুলী বানাচ্ছেন কিশোর কুমার জুনিয়র ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। এই ফিল্মে প্রসেনজিত অভিনিত চরিত্রটির পুত্রের ভূমিকায় আছেন ঋতব্রত।
কিন্তু পুত্রের এই ভাল রেজাল্ট নিয়ে অভিনেতা বাবা শান্তিলাল মুখার্জী কী বলছেন? ঋতব্রত জানিয়েছেন তাঁর বাবা ভীষণই খুশি। ফেসবুকে ঋতব্রত লেখেন, 'আমার বাবা (শান্তিলাল মুখার্জী) খুবই খুশি। তিনি মজা করে বলেছেন, তিনি জীবনে কোনদিনই ৯০ শতাংশ নম্বর পাননি।' তবে বাবা খুশি হলেও ফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন পুত্র। ঋতব্রত জানিয়েছেন তিনি হিউম্যানিটিতে অন্তত ৯১ শতাংশ নম্বর পাবেন আশা করেছিলেন। তা না হলেও এই বা কম কী? বিশেষ করে অভিনয়ের ব্যস্ত শেডিউল থেকে সময় বের করে পড়াশোনা চালিয়েছেন তিনি। ভবিষ্যতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়তে চান তিনি। অভিনয় ও পড়াশোনা দুই সমান তালে চালাতে চান তিনি। বলেছেন তাতে তাঁর কোনও সমস্যা হয় না। তা যে হয় না, আইএসসির এই রেজাল্টই তার প্রমাণ। আর নিশ্চই পড়াশোনা লাটে ওঠার কথা বলতে কারো সাহসে কুলাবে না!












Click it and Unblock the Notifications