অভিনেতা পরমব্রতর ঘরে আসছে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন পরম পত্নী পিয়া
প্রেমদিবসের পরই সুখবর দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী। মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে পোস্ট করে এই আনন্দ সংবাদ ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।
জানা গিয়েছে, পিয়া বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সেই অনুযায়ী, আগামী জুন মাসেই পরমব্রত-পিয়ার সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। যদিও কয়েকদিন ধরেই এই নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়, তবে তখন এই বিষয়ে মুখ খোলেননি পিয়া। বরং হাসি মুখে জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন। এই বিষয়ে কথা বলেননি পরমও। তবে এবার সবাইকে 'গুড নিউজ' শুনিয়েই দিলেন তারকা-দম্পতি।

যা জানা যাচ্ছে, শুক্রবার ডাক্তার দেখিয়ে আসার পরেই ঠিক করেন সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সেই মতো শনিবার সকালে একটি বিশেষ পোস্ট করেন পরম-পিয়া। যেখানে একটি নীল কার্ডে লেখা ছিল - "সন্তান আসছে"। পোস্টের ছবিতে তাঁদের পোষ্যদের সঙ্গে পরমব্রত ও পিয়ার একটি মিষ্টি মুহূর্তও ধরা পড়েছে।
পিয়ার এই বিশেষ সময়ে পাশে রয়েছেন স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়। কাজের ব্যস্ততার মাঝেও তিনি পিয়াকে যথাযথ যত্ন নিচ্ছেন। পাশাপাশি গায়িকার মা-ও মেয়ের দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এদিকে, পরমব্রতর বাবা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। অনুরাগীরা একের পর এক শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন তাঁকে।
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর মাসে রেজিস্ট্রি করে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। তাঁদের বিয়ে নিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। পিয়াকে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হওয়ায় পরমব্রতকে "বউ চোর" বলেও ট্রোল করা হয়েছিল।
পিয়া ও অনুপম ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। এরপর কিছুদিন একাই ছিলেন পিয়া। ২০২৩ সালের শেষ দিকে আচমকাই পরমব্রতর সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবিও শেয়ার করেছিলেন তাঁরা। লোকের নিন্দা কানে তোলেননি তারা। নিজেদের মত করে গুছিয়ে নিয়েছেন সংসার। ভালবাসায় ভরিয়ে রেখেছেন একে অপরকে। আর এবার পরমব্রত-পিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আর সেই খবরে আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন তাঁরা।












Click it and Unblock the Notifications