ধর্মেন্দ্রকে দেখে আসার একদিন পরই অসুস্থ গোবিন্দ, মুম্বই হাসপাতালে ভর্তি অভিনেতা
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে দ্রুত মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দের আইনজীবী ললিত বিন্দাল জানিয়েছেন, "অভিনেতা অসুস্থ বোধ করছিলেন, কিছুটা বিভ্রান্তও ছিলেন। সমস্ত প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। আমরা এখন নিউরো বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় আছি। আপাতত তিনি স্থিতিশীল আছেন।"
এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন মাত্র একদিন আগেই গোবিন্দ দেখা করেছিলেন বলিউডের আরেক প্রবীণ তারকা ধর্মেন্দ্রর সঙ্গে, যিনি বর্তমানে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছিল, হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন গোবিন্দ, মুখে গভীর চিন্তার ছাপ।

এর আগেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গোবিন্দকে। গত বছর ১ অক্টোবর নিজের লাইসেন্সধারী রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে তাঁর হাঁটুতে লেগেছিল। ভোররাত ৪টা ৪৫ মিনিটের সেই ঘটনায় অভিনেতাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
তখন গণমাধ্যমের সামনে গোবিন্দ বলেন, "আমি কলকাতায় এক শোয়ের জন্য বেরোচ্ছিলাম। ভোর পাঁচটা নাগাদ বন্দুকটা আলমারিতে রাখার সময় হঠাৎ গুলি ছুটে যায়। নিচে তাকিয়ে দেখি রক্ত ঝরছে। তারপর ভিডিও করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি ও হাসপাতালে যাই।"
'ইলজাম', 'হিরো নম্বর ওয়ান', 'রাজা বাবু', 'কুলি নম্বর ওয়ান' কিংবা 'পার্টনার' এমন অসংখ্য ছবির মাধ্যমে ৮০ ও ৯০ এর দশকে দর্শকের মন জয় করেছিলেন গোবিন্দ। তাঁর কৌতুক, নাচ ও সংলাপ এখনও বলিউডপ্রেমীদের মনে অমলিন।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রংগিলা রাজা ছিল তাঁর শেষ ছবি। এবার আবারও হঠাৎ অসুস্থতায় অভিনেতার অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে চিকিৎসক সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।












Click it and Unblock the Notifications