কেমন আছেন ইন্দ্রনীল ঘরণী বরখা বিস্ত? জানেন কি করছেন এখন তিনি
গত বছর থেকে বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের ১৩ বছরের দাম্পত্যে ভাঙন নিয়ে কম চর্চা হয়নি টলিউড থেকে বলিউড সর্বত্র। ইন্দ্রনীল ও বরখা যেন একে–অপরের পরিপূরক ছিলেন। তাই তাঁদের বিচ্ছেদের খবর আসতেই সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই হতচকিত হয়েছিলেন। যদিও ইন্দ্রনীল বা বরখা কেউই তাঁদের এই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাঁরা যে একসঙ্গে থাকেন না সেটা স্পষ্ট।

ইন্দ্রনীল সেনগুপ্ত এখন বাংলায় একাধিক প্রজেক্টে কাজ করছেন। যার মধ্যে অন্যতম সন্দীপ রায়ের ফেলুদা হিসাবে আত্মপ্রকাশ করবেন তিনি। আর বরখা? তিনি কি করছেন? কেমন আছেন? প্রচারের আলো থেকে নিজেকে বহুদিন আগেই সরিয়ে ফেলেছিলেন বরখা। টুকটাক কাজ আর বর ইন্দ্রনীল ও মেয়ে মাইরাকে নিয়েই গড়ে উঠেছিল বরখার ছোট্ট এক টুকরো পৃথিবী। ইন্দ্রনীলের থেকে আলাদা হওয়ার পরও নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রেখেছেন বরখা।
অভিনেত্রী বরখার এখন প্রথম অগ্রাধিকার তাঁর মেয়ে মাইরা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মেয়ে মীরাকে নিয়ে নানান ধরনের পোস্ট–ছবি শেয়ার করতে দেখা যায় বরখাকে। মাইরাকে নিয়ে পাড়ি দেন অজানার উদ্দেশ্যে। কখনও বা লং ড্রাইভে। তবে মেয়ে মাইরা মাঝে মাঝে বাবা ইন্দ্রনীলের সঙ্গেও সময় কাটায়। তবে বেশিরভাগ সময়টাই কাটে মায়ের সঙ্গে।
এর পাশাপাশি বরখা মন দিয়েছেন ফটোশুটে। প্রায়ই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই সব ফটোশুটের ছবি শেয়ার করেন। আর তাঁর সেই ছবির ক্যাপশনগুলি মনে করিয়ে দেয় তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করতে চলেছেন। নিজের ফিটনেস নিয়েও যথেষ্ট সচেতন বরখা। ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার ছবি ও ভিডিও তিনি শেয়ার করে থাকেন। মাঝে কলকাতায় এসে তিনি বেশ কিছু ফটোশুট করে গিয়েছেন। তিনি যে তাঁর একাকীত্ব জীবনটাকে পুরোদমে উপভোগ করছেন তা তাঁর ছবি–ভিডিও দেখলেই বোঝা যায়।
ইন্দ্রনীল-বরখার প্রেমের শুরু 'পেয়ার কা দো নাম এক রাধা এক শ্যাম' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়। আলাপ থেকে কীভাবে যে প্রেমে পড়েছিলেন তা নিজেরাও জানেন না, বহুবার সেকথা নিজেদের সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁরা। ২০০৮ সালের ১ মার্চ সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। রিসেপশন পার্টি হয়েছিল ওই বছরই ৩০ মার্চ। ২০১১ সালের অক্টোবরে ইন্দ্রনীল ও বরখার জীবনে আসে তাঁদের মেয়ে মাইরা। আপাতত টলিউড থেকে বলিউড সর্বত্রই শোনা যাচ্ছে, বরখা আর ইন্দ্রনীলের দাম্পত্যে সমস্যার পিছনে আছে ইন্দ্রনীলের বিবাহবহির্ভূত সম্পর্ক। টলিউডের এক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইন্দ্রনীল আর তাই বরখার সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর।












Click it and Unblock the Notifications