ক্যানসার রোগীদের বড় স্বস্তি! কমছে ১৭টি জরুরি ওষুধের দাম, সম্পূর্ণ তালিকাটি দেখে নিন
বাজেট ২০২৬-২৭-এ ক্যানসার রোগীদের জন্য বড় এক স্বস্তির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। স্তন ক্যানসার, ফুসফুসের ক্যানসার, ব্লাড ক্যানসার, প্রোস্টেট ক্যানসার-সহ আরও একাধিক গুরুতর এবং বিরল ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হওয়া ১৭টি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে বেসিক কাস্টম ডিউটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা গুলির ওপর নির্ভর করে থাকা রোগী এবং তাঁদের পরিবারগুলির আর্থিক চাপ কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

এই ওষুধগুলির মধ্যে বেশিরভাগই আধুনিক ক্যানসার চিকিৎসার গুরুত্বপূর্ণ এক অংশ। ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং সেল-বেসড ট্রিটমেন্টে ব্যবহৃত হওয়া উন্নত মানের এই ওষুধগুলি এতদিন ধরে উচ্চ শুল্কের কারণে অত্যন্ত দামী ছিল। বাজেটে কাস্টম ডিউটি ছাড়ের ফলে আমদানির খরচ কমবে। যার সরাসরি প্রভাব পড়বে ওষুধের দামের উপর।
কাস্টম ডিউটি ছাড় মানে কী?
বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর সরকার যে কর আরোপ করে সেটিই হল কাস্টম ডিউটি। ক্যানসারের মতো জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রে এই কর তুলে নেওয়া হলে স্বাভাবিকভাবেই সেই ওষুধের মোট দাম অনেকটাই কমে যায়। অর্থাৎ এখন এই ওষুধগুলি আমদানি করার জন্য সংস্থাগুলিকে আর বেসিক কাস্টম ডিউটি দিতে হবে না। ফলে হাসপাতাল এবং ফার্মা সংস্থাগুলি তুলনামূলক কম দামে এই ওষুধ রোগীদের দিতে পারবে।
ক্যানসারের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদি হয়। এই চিকিৎসা ধাপে ধাপে চলে। এর সঙ্গে জড়িয়ে থাকে একটা বড় অঙ্কের খরচ। ওষুধের দাম সামান্য কমলেও তা রোগী এবং পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, বাজেট ২০২৬-২৭-এ এই সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে যে সরকার স্বাস্থ্যব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে চায়। শুধু ক্যানসার নয়, সামগ্রিকভাবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকেও নীতিনির্ধারণের কেন্দ্রে রাখার বার্তা দিয়েছে এই বাজেট।
কোন কোন ওষুধের দাম কমবে?
কাস্টম ডিউটি ছাড় পাওয়া ১৭টি গুরুত্বপূর্ণ ক্যানসার ওষুধ হল:
1. Ribociclib
2. Abemaciclib
3. Talycabtagene autoleucel
4. Tremelimumab
5. Venetoclax
6. Ceritinib
7. Brigatinib
8. Darolutamide
9. Toripalimab
10. Serplulimab
11. Tislelizumab
12. Inotuzumab ozogamicin
13. Ponatinib
14. Ibrutinib
15. Dabrafenib
16. Trametinib
17. Ipilimumab
রোগীদের কী লাভ হবে?
এই ওষুধগুলি অ্যাডভান্স স্টেজের ক্যানসার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই এই ওষুধগুলি রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষজ্ঞদের মতে, কাস্টম ডিউটি তুলে নেওয়ার মাধ্যমে সরকার তার স্পষ্ট বার্তা দিয়েছে। সরকার বুঝিয়ে দিয়েছে যে, স্বাস্থ্য পরিষেবার খরচ কমানোই তাদের অগ্রাধিকার। যদিও ক্যানসারের সম্পূর্ণ চিকিৎসা এখনও ব্যয়বহুল রয়েছে তবুও এই সিদ্ধান্তকে রোগীদের পকেট থেকে হওয়া খরচ কমানোর পথে একটি ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন স্বাস্থ্য মহল।












Click it and Unblock the Notifications