জরুরি বার্তা পাঠাতে ভুলে যান? এবার থেকে নিজেই মেসেজ পাঠাবে হোয়াটসঅ্যাপ, কীভাবে? জেনে নিন এখনই
দৈনন্দিন ব্যস্ততায় অনেক সময়ই আমরা গুরুত্বপূর্ণ দিন অথবা প্রয়োজনীয় বার্তা পাঠাতে ভুলে যাই। বন্ধুর জন্মদিন হোক অথবা কোনও অফিসের জরুরি আপডেট, সমস্ত কিছু মনে রাখা সবসময় সহজ নয়। এতদিন ধরে অনেকেই অ্যালার্ম বা রিমাইন্ডারের উপর ভরসা করতেন। এবার সেই সমস্যার সমাধানেই নতুন সুবিধা আনতে চলেছে হোয়াট্সঅ্যাপ।

হোয়াট্সঅ্যাপে আনতে চলেছে 'মেসেজ শিডিউল' নামের একটি অপশন। এটি এমন একটি ফিচার যার মাধ্যমে আগে থেকেই কোনও বার্তা লিখে নির্দিষ্ট দিন এবং সময় বেছে রাখা যাবে। যে দিন এবং সময় ঠিক করে রাখা থাকবে সেই সময় হলেই হোয়াটসঅ্যাপ নিজে থেকে সেই মেসেজ পাঠিয়ে দেবে। ব্যবহারকারী তখন অনলাইনে থাকুন অথবা না থাকুন, বার্তা পৌঁছতে কোনওরকম সমস্যা হবে না।
উদাহরণস্বরূপ বলা যায়, মাঝরাতে আপনি আপনার বন্ধু অথবা বান্ধবীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে চান। তাহলে আগে থেকেই বার্তা লিখে সময় সেট করে রাখলেই হবে। আপনাকে আর জেগে থাকতে হবে না। নির্দিষ্ট সময় হলেই সেই মেসেজটি পৌঁছে যাবে প্রাপকের চ্যাটবক্সে। ব্যক্তিগত এবং পেশাগত, দুই ক্ষেত্রেই সময়মতো যোগাযোগ রাখার কাজে এই সুবিধাটি কার্যকর হবে।
চ্যাট ইনফো বিভাগে শিডিউল করা মেসেজটি দেখা যাবে। আপনি যদি চান তাহলে মেসেজটি পাঠানোর আগে তা সম্পাদনা অথবা বাতিলও করা যাবে।
ফিচারটি বর্তমানে আইওএস (iOS) বিটা ভি২৬.৭.১০.৭২ সংস্করণে পরীক্ষাধীন রয়েছে। খুব তাড়াতাড়িই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই সুবিধাটি পাবেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications