Digital Classroom: ব্ল্যাকবোর্ড হল ডিজিটাল! অডিও ভিস্যুয়ালে পড়াশোনা চলছে বাংলার সরকারি স্কুলে
Digital Classroom: ক্লাসরুমের ভেতরে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার সরিয়ে পড়ুয়াদের মন বসাতে বসানো হল ডিজিটাল বোর্ড! শুধু তাই নয়, অডিও ভিস্যুয়ালের মাধ্যমে পাঠদানের অভিনব ব্যবস্থাও রয়েছে।তবে এই স্কুল কোনও শহরে নয়। একেবারে মুর্শিদাবাদের সুতি এলাকায় এমনই একটি সরকারি স্কুলে ডিজিটাল পড়াশোনা শুরু হয়েছে।
যা যে কোনও কলকাতার বেসরকারি স্কুলকে হার মানাবে। শুধু ডিজিটাল বোর্ড কিংবা অডিও ভিস্যুয়ালের মাধ্যমে পড়াশোনা নয়। পড়ুয়াদের স্কুলের প্রতি আকর্ষণ বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন শ্রেণিকক্ষের চারিদিকে বিভিন্ন কার্টুন থেকে শুরু করে হাতি, সিংহ সহ নানান ধরনের পশু-পাখির চিত্র।

সঙ্গে একটি অত্যাধুনিক গ্রন্থাগারও তৈরি করা হয়েছে ওই স্কুল চত্বরে। সুতি এলাকায় এমন একটি স্মার্ট স্কুল এবং ক্লাস তৈরি করে একেবারে অনন্য নিদর্শন তৈরি করেছেন সুতি ১ ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতে আলুয়ানী ২০ নম্বর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
গোটা রাজ্যে সরকারি স্কুলগুলির অবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এমনকি পড়ুয়ার অভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরও সামনে এসেছে। আর সেখানে এমন একটি স্কুল তৈরি করে কার্যত চমকে দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ফিতে কেটে এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন সুতি এলাকার অবর বিদ্যালয়ের পরিদর্শক অরিন্দম দত্ত।
সুতি বংশবাটী গ্রাম পঞ্চায়েতে একটা অজ পাড়া গাঁয়ের প্রাথমিক স্কুলের ক্লাসরুমে চলছে ডিজিটাল স্মার্ট ক্লাস কীরকম? আর সেটাই ঘুরে দেখল ওয়ান ইন্ডিয়া বাংলা।
দেখা গেল ক্লাসে লাগানো এলইডি স্ক্রিনে ফুটে উঠছে কৌতূহলী পড়ুয়াদের জানার বিষয়গুলি। থ্রিডি বাঘের ছবি আর তার সঙ্গে বাঘের ডাক। পাখির কিচির মিচির। মানব দেহের অভ্যন্তরীণ নানা অঙ্গ প্রত্যঙ্গের নানা বিষয় ডিজিটাল মাধ্যমে ফুটে উঠছে পড়ুয়াদের চোখের সামনে রঙিন স্ক্রিনে।

এই স্কুলে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট পড়ুয়া ৯৯ জন। শিক্ষক তিনজন ও শিক্ষিকা একজন। স্কুলের প্রধান শিক্ষক অতিস কুমার মন্ডল বলেন, 'আমি বরাবরই ডিজিটাল মাধ্যমে খেলাপড়ার বিষয়ে আগ্রহী। পড়ুয়াদের মধ্যে খুবই উৎসাহ,আগ্রহ দেখা যাচ্ছে।'












Click it and Unblock the Notifications