'অগ্নিবীর'দের জন্য বড় খবর! এবার ২৫% থেকে হচ্ছে ৭৫%, ঠিক কী জানাচ্ছে সরকার? জানুন
ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখা অগ্নিবীরদের জন্য খুব তাড়াতড়ি সুখবর আসছে। এখন তারা ২৫% এর পরিবর্তে ৭৫% সেনাবাহিনীতে স্থায়ী চাকরির নিশ্চয়তা পাবে। এছাড়া, তাদের চাকরি পরবর্তী জীবন সুরক্ষিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি উদ্যোগের সুবিধা দেওয়া হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাপ্ত তথ্য অনুসারে, আজ, বৃহস্পতিবার, জয়সলমীরে সেনা কমান্ডারদের একটি সম্মেলন শুরু হচ্ছে। অগ্নিবীরদের চাকরির হার বর্তমানে ২৫% থেকে বাড়িয়ে ৭৫% করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ আগে ১০০ জন অগ্নিবীরের মধ্যে ২৫ জনকে সেনাবাহিনীতে নিয়োগ করা হত, কিন্তু এখন ১০০ জন অগ্নিবীরের মধ্যে ৭৫ জন চাকরি পাবেন।

মে মাসে অপারেশন সিন্দুরের পর এটিই হবে প্রথম সেনা কমান্ডার সম্মেলন। অগ্নিবীরদের প্রথম ব্যাচ আগামী বছর তাদের চার বছরের মেয়াদ শেষ করবে, তাই তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আলোচনার তালিকায় রয়েছে। এই সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্বের জন্য সামগ্রিক নিরাপত্তা, উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা ও গুরুত্বপূর্ণ অপারেশন নিয়ে আলোচনা করা হয়। চার বছরের চাকরি শেষে অগ্নিবীরদের নাগরিক জীবনে ফিরে যাওয়ার জন্য স্বাধীন ব্যবসা শুরু করতে উৎসাহিত করা হচ্ছে। এর জন্য সরকার কর্তৃক প্রায় ২২টি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হবে।
চাকরির সময়কালে অগ্নিবীররা তাদের বেতনের একটি অংশ ভবিষ্যৎ তহবিল বা 'কর্পাস ফান্ড'-এ জমা করতে পারবেন, যা চাকরি শেষে এককালীন এক লক্ষ টাকা এবং অতিরিক্ত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা হিসেবে ফেরত পাবেন। চাকরির মেয়াদ শেষে কেউ যদি চাকরি না করতে চান, তাহলেও তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবেন।
প্রবীণ সৈনিকের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগানোর কথাও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে, প্রবীণরা সীমিত ভূমিকায় নিযুক্ত, যেমন আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি এবং এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ইসিএইচএস) পলিক্লিনিক। তবে বিভিন্ন কাঠামোতে প্রবীণদের বৃহত্তর অংশগ্রহণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। কর্মরত সৈনিকদের আরও উন্নত প্রশিক্ষণ এবং তাদের সর্বক্ষেত্রে কল্যাণ সংক্রান্ত বিষয়গুলিও আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications