একাদশীতে বৃষ্টির তাণ্ডব, আবহাওয়ার সতর্কতা ১২ জেলায়
দুর্গাপুজোর আনন্দ ফুরোতেই ফের শুরু হয়েছে নিম্নচাপের চোখরাঙানি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। কোথাও কোথাও নামতে পারে ঝোড়ো হাওয়াও।

আজ একাদশীতে কলকাতাসহ একাধিক জেলায় বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই সতর্ক করেছে হাওয়া অফিস।
শনিবার দ্বাদশীতেও বৃষ্টি জারি থাকবে। বিশেষত বীরভূম ও মুর্শিদাবাদে নামতে পারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত চলবে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
রবিবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে। আকাশ আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রা বাড়বে ও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হবে।
এছাড়া সোমবার ও মঙ্গলবারও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পরিমাণে তা তুলনামূলকভাবে কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য, ইতিমধ্যেই শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করে জানিয়েছে, এই সময় সমুদ্রে যাওয়া একেবারেই নিরাপদ নয়।
মোটের উপর, একাদশী ও দ্বাদশী কাটবে বৃষ্টির দাপটে, তবে রবিবার থেকে ধীরে ধীরে স্বস্তি ফেরার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।












Click it and Unblock the Notifications