Vande Bharat: স্বপ্ন সত্যির পথে! কাশ্মীরের বুকে যাত্রা শুরু হচ্ছে বন্দে ভারতের, কবে শুভ উদ্বোধন?
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৬ জুন, ২০২৫-এ ভূস্বর্গে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু প্রতীক্ষিত কাটরা-শ্রীনগর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। এর ফলে বৈষ্ণোদেবী দর্শন করে সরাসরি কাশ্মীর উপত্যকায় পৌঁছনো যাবে। পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পের অধীনেই এই ট্রেন পরিষেবা চালু হচ্ছে। বিশেষ করে কাটরা-সাঙ্গালদান অংশের কাজ শেষ হওয়ার পর এই বন্দে ভারত চালু হচ্ছে। এটি কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত করবে। এই রুটে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, চেনাব সেতু এবং আঞ্জি খাদ সেতুও পড়বে। এগুলি যাত্রীদের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা দেবে।

বর্তমানে সড়কপথে কাটরা থেকে শ্রীনগর যেতে প্রায় ৬-৭ ঘণ্টা সময় লাগে। বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে এই সময় কমে মাত্র ৩ ঘণ্টায় নেমে আসবে। ট্রেনটি প্রতিদিন কাটরা থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে শ্রীনগরে পৌঁছবে সকাল ১১টা ২০ মিনিটে। ফিরতি পথে শ্রীনগর থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে কাটরায় পৌঁছবে বিকেল ৩টা ৫৫ মিনিটে।
জম্মু ও কাশ্মীরের এই বিশেষ বন্দে ভারত ট্রেনটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। কাশ্মীর উপত্যকার চরম ঠান্ডা আবহাওয়ার কথা মাথায় রেখে এতে বিশেষ হিটিং সিস্টেম, উইন্ডশিল্ডে স্বয়ংক্রিয় ডিফ্রস্টিং ব্যবস্থা এবং অন্যান্য শীতকালীন ফিচার যুক্ত করা হয়েছে। ফলে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ট্রেনটি মসৃণভাবে চলতে পারবে। ট্রেনের কোচগুলিতে আরামদায়ক আসন, স্বয়ংক্রিয় দরজা, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট এবং জিপিএস-ভিত্তিক তথ্য ব্যবস্থা রয়েছে।
এই নতুন বন্দে ভারত ট্রেন পরিষেবা কেবল পর্যটনই নয়, স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এটি জম্মু ও কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য অংশের সম্পর্ক আরও মজবুত করবে। প্রাথমিকভাবে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত পরিষেবা চালু হলেও, ভবিষ্যতে এটি জম্মু পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।












Click it and Unblock the Notifications