ধসের পর ঘুরে দাঁড়াল শেয়ারবাজার! ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি, স্বস্তি বিনিয়োগকারীদের
একাধিক সেশনে পতনের পর আজ সকালে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। বাজার খোলার সাথে সাথেই ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স এবং নিফটি। বিশেষজ্ঞরা মনে করছেন যে, অপরিশোধিত তেলের দামে সামান্য স্বস্তি মেলার কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

আজকের লেনদেনের শুরুতেই বিএসই সেনসেক্স প্রায় ৩৫২ পয়েন্ট বেড়ে গিয়ে ৭৪,৫৫৯-এর ঘরে গিয়ে পৌঁছে যায়। ঠিক একইভাবে এনএসই নিফটি ১০৮ পয়েন্ট বেড়ে গিয়ে ২৩,১১০-এর কাছাকাছি উঠে আসে। আগের সেশনে এই দুই সূচকই তুলনামূলকভাবে নিচে বন্ধ হয়েছিল। শুধুমাত্র বড় সূচকই নয়, মিডক্যাপ এবং স্মলক্যাপ শেয়ারেও ইতিবাচক প্রবণতা দেখা যায়। এই দুটি সূচকেই ওপেনিং ট্রেডে প্রায় ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে যেগুলি লাভের তালিকায় ছিল সেগুলি হল, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, ইনফোসিস এবং লারসেন অ্যান্ড টুবরো। অন্যদিকে আবার এইচডিএফসি ব্যাঙ্ক এবং বাজাজ ফিন্যান্সে সামান্য পতনও দেখা যায়।
এনএসই-র তথ্য অনুসারে, এদিন বাজারে অধিকাংশ শেয়ারই সবুজে ছিল। যেখানে তুলনামূলকভাবে কম সংখ্যক শেয়ার নিম্নমুখী ছিল সেখানে দুই হাজারেরও বেশি শেয়ারের দাম বেড়েছে।
তবে বিশ্লেষকেরা এখনও বাজার নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে, সূচক নির্দিষ্ট স্তর যতক্ষন না পর্যন্ত অতিক্রম করছে ততক্ষন পর্যন্ত বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টানা বিক্রির চাপের কারণেও বাজারগুলির উপর প্রভাব ফেলছে, যদিও দেশীয় বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে কিছুটা হলেও স্থায়িত্ব তৈরি করেছে।












Click it and Unblock the Notifications