LPG Price: উৎসবের মরসুমে মানুষকে আরেক ধাক্কা! আরও দামী হল গ্যাস সিলিন্ডার
সেপ্টেম্বরের প্রথম দিন। বাজেট পেশের পর অগাস্টে দাম বৃদ্ধির পরে সেপ্টেম্বরের প্রথম দিনটা শুরু জনগণকে ধাক্কা দিয়ে। এদিন থেকে এলপিজি সিলিন্ডারের দাম আরও বৃদ্ধি করল তেল বিপণন সংস্থাগুলি।
চোদ্দো কেজির সাধারণ গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন না হলেও এদিন থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য শহরের কর বিশেষে ৩৯ টাকার আশপাশে বৃদ্ধি করেছে তেল বিপণন সংস্থাগুলি।

কোন শহরে কত দাম
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে পয়লা সেপ্টেম্বর সকাল ছটা থেকে দেশ জুড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি কার্যকর করা হয়েছে। রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬৯১.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮০২.৫০ টাকা। মুম্বইতে ১৯ কেজির সিলিন্ডারের দাম সাত টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪৪ টাকা। চেন্নাইতে ১৮৫৫ টাকা।
পরপর কয়েকমাসে মূল্য হ্রাস
প্রসঙ্গত পয়লা জুন থেকে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু ৭২ টাকা করে। পয়লা জুলাই থেকে কলকাতায় এর দাম ১৭৮৭ টাকা থেকে কমে হয় ১৭৫৬ টাকা। মার্চের শুরুতে এই দাম ২৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। এরপর এপ্রিলের শুরুতে ৩২ টাকা কমার পরে মে মাসের শুরুতে কমে আরও ২০ টাকা। জুনে কমে আরও ৭২ টাকা।
গার্হস্থ সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি
এখানে উল্লেখ করা প্রয়োজন গার্হস্থ্য অর্থাৎ ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ কলকাতায় যার দাম ছিল ৮২৯ টাকা, তাই থাকছে। নারী দিবসে শেষবার গার্হস্থ্য এলপিজির দাম কমেছিল একশো টাকা। তারপর থেকে এলপিজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লি, মুম্বই ও চেন্নাইতে গার্হস্থ্য সিলিন্ডারের দাম যথাক্রমে ৮০৩, ৮০২.৫০ এবং ৮১৮.৫০ টাকা। উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য তা ৬০৩ টাকা।
প্রতিমাসের শুরুতে দাম পরিবর্তন
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতিমাসের এক তারিখে দাম সংশোধন করে থাকে।












Click it and Unblock the Notifications