বাজেটের আগেই মূল্যবৃদ্ধি! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
ফেব্রুয়ারির প্রথম দিন। কেন্দ্রে অন্তর্বর্তী বাজেট পেশের কয়েক ঘন্টা আগে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি। তেল বিপণন সংস্থাগুলি পয়লা ফেব্রুয়ারি থেকে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। এক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। গত জানুয়ারিতে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছিল।
এদিন রাজধানী দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা বেড়ে সিলিন্ডার পিছু হয়েছে ১৭৬৯.৫০ টাকা। কলকাতায় দাম ১৮ টাকা বেড়ে হয়েছে ১৮৮৭ টাকা। মুম্বইতে এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টারা বেড়ে হয়েছে সিলিন্ডার পিছু ১৭২৩.৫০ টাকা। অন্যদিকে চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১২.৫০ টাকা বেড়ে হয়েছে ১৯৩৭ টাকা।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ১ জানুয়ারি, ২০২৪ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার দাম কমিয়েছিল। সেই মূল্য হ্রাস ছিল খুব সামান্যই। দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মাত্র দেড় টাকা কমানো হয়েছিল সেই সময়।
এখানে আরও উল্লেখ করা প্রয়োজন জানুয়ারির পরে ফেব্রুয়ারিতেও গার্হস্থ এলপিজির দামে কোনও পরিবর্তন করা হয়নি। গার্হস্থ এলপিজির দামে সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল ২০২৩-এর ৩০ অগাস্ট।
এদিনে এদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেলা ১১ টায় সংসদে বাজেট পেশ করবেন। নির্বাচন পূর্ববর্তী হওয়ায় সাধারণভাবে এই বাজেটে সরকারের কয়েক মাসের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হতে পারে। বিশেষ কোনও ঘোষণা না থাকার সম্ভাবনাই বেশি। তবে এই বাজেট নির্বাচনের মুখে হওয়ায় সেখানে সমাজের বিভিন্ন স্তরের আশা-আকাঙ্খা পূরণের বার্তা দেওয়া হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications