পুজো মিটতেই পকেটে টান, বাড়ছে বিমান ভাড়া
আগামিদিনে ১০-১৫ শতাংশ হারে বেশি টাকা খসবে বিমানের টিকিট কাটতে গিয়ে।
বিমানে চড়লে ভাড়া দিতে এবার থেকে বেশ কিছুটা বেশি গাঁটের কড়ি খসবে যাত্রীদের। কারণ আগামিদিনে ১০-১৫ শতাংশ হারে বেশি টাকা খসবে বিমানের টিকিট কাটতে গিয়ে। এটিএফ বা এভিয়েশন টার্বাইন ফুয়েল-এর দাম গত অগাস্টে অনেকাটাই বেড়েছে যার জেরে বিমানের ভাড়া বাড়ছে বলে জানা গিয়েছে।

এরপরে রবিবারও জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি ৬ শতাংশ মূল্যবৃদ্ধি করেছে। তার উপরে ডলারের সাপেক্ষে টাকার মূল্যও অনেকটাই কমেছে। যার প্রভাব পড়েছে বিমানের জ্বালানিতে।
জানা গিয়েছে, দিল্লিতে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে এখন ৫৩ হাজার ৪৫ টাকা। আগে যে দাম ছিল ৫০ হাজার ২০ টাকা। এর আগে গতমাসে ৪ শতাংশ বিমান জ্বালানির দাম বেড়েছে।
এই প্রেক্ষিতে বিমান সংস্থাগুলি জানিয়েছে, একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া ও অন্যদিকে ডলারের সাপেক্ষে টাকার দাম কমে যাওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া উপায় ছিল না।
এর পাশাপাশি গত অগাস্ট থেকে প্রতিটি উড়ানের জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা সেস নিচ্ছে কেন্দ্র। সেই টাকাও বিমান সংস্থাগুলি যাত্রীদের ভাড়ার মধ্যে থেকে আদায় করছে। ফলে সবমিলিয়ে বিমানে চড়তে গেলে যাত্রীদের অনেকটাই বেশি কড়ি খসাতে হবে।












Click it and Unblock the Notifications