New Income Tax Bill: নতুন আয়কর বিল পেল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, সংসদে পেশ আগামী সপ্তাহে
কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেয়ে গেল নতুন আয়কর বিল। এর ফলে ছয় দশকের পুরনো আয়কর আইন বদলে যেতে চলেছে। সংবাদসংস্থা পিটিআই শুক্রবার সূত্রের খবর বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির বিষয়টি প্রকাশ করেছে। নতুন আইনের ফলে প্রত্যক্ষ কর আইন অনেক সরল হল, সহজবোধ্য হল। একইসঙ্গে নতুন বা অতিরিক্ত কোনও করের বোঝা যাতে করদাতাদের ঘাড়ে না চাপে সেটাও নিশ্চিত করেছে। এর ফলে কর কাঠামো আরও স্বচ্ছ ও ব্যবহারযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। নতুন আয়কর বিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন আয়কর বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপিত হবে বলে খবর। তারপরে তা সংসদের স্ট্যান্ডিং কমিটিতে যাবে। বাজেট অধিবেশন প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরে ফের তা চালু হবে ১০ মার্চ এবং চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-২৬ এর বাজেটে নতুন আয়কর বিলের কথা ঘোষণা করেন। ২০২৪ সালের জুলাই মাসের বাজেটে নির্মলা সীতারমন প্রথমবার ১৯৬১ সালের আয়কর আইনের পুনর্মূল্যায়নের কথা বলেছিলেন।
এরপরই সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি ইন্টারনাল কমিটি তৈরি করে আইন পুনর্মূল্যায়নে বসে। আইনকে সরলীকরণ ও সহজবোধ্য করে তোলা হয়। এর পাশাপাশি আয়কর আইনের নানা দিক খতিয়ে দেখতে ২২টি বিশেষজ্ঞ সাব কমিটি তৈরি করা হয়েছে।
এর আগে আয়কর দফতর বিভিন্ন জায়গা থেকে আয়কর আইনে বদলের আবেদন জানিয়ে ৬৫০০টি পরামর্শ পেয়েছে। তারপরই এই নতুন বদলের পথে সরকার হেঁটেছে। নতুন আয়কর আইন হবে সংক্ষিপ্ত, বোধগম্য এবং সাধারণ মানুষ যাতে তা বুঝতে পারে সেদিকে লক্ষ্য রেখেই তা বানানো হয়েছে। আয়কর দাতারা যাতে বুঝতে পারেন ঠিক কতটা কর তাদের দিতে হবে, কোন পদ্ধতিতে দিতে হবে, সেটা মাথায় রাখা হয়েছে।
এর আগে ১৯৬১ সালে আয়কর আইন বলবৎ করা হয়েছিল। এই দীর্ঘ ছয় দশকে সমাজে নানা বদল এসেছে। মানুষের রোজগারের ধরন বদলেছে এবং সংস্থার ব্যবসা করার ধরন বদলেছে। ফলে আয়কর আইনে এই বদল অবশ্যম্ভাবী ছিল।












Click it and Unblock the Notifications