Flying Car: উড়ন্ত গাড়ি আর স্বপ্ন নয়, বাস্তব! মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করল বিশ্বের প্রথম ফ্লাইং কার
Flying Car: ট্রাফিক জ্যামে আটকে পড়ে বিরক্ত হওয়ার দিন শেষ। বাজারে আসতে চলেছে এমন গাড়ি, যা উড়তেও পারে। হেঁয়ালি নয়। স্বপ্ন বা সিনেমায় দেখা উড়ন্ত গাড়ির বাস্তবায়নও এবার সম্পন্ন হলো।
২০২২ সালের অক্টোবরেই এমন গাড়ি জনসমক্ষে আনা হয়েছিল। কিন্তু আকাশে ওড়ার অনুমতি মিলছিল না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবার সেই অনুমতি দিয়ে দিল ক্যালিফোর্নিয়ার সংস্থা আলেফ অ্যারোনটিক্সকে।

সংস্থার তরফে দাবি করা হয়েছে, আলেফ মডেল এ গাড়িটি ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেহিকল, যাকে সংক্ষেপে বলা হয় eVTOL গাড়ি। আকাশে ওড়ানোর আইনি বাধা কাটায় রীতিমতো উৎফুল্ল সংস্থাটি। গাড়িটি রাস্তায় চলার সময়ই প্রয়োজনে কিছুটা পথ ওড়াতেও পারবেন চালক। উল্লম্বভাবেই উপরে উঠে যাবে গাড়িটি।
গাড়িটিতে এক বা দুজন চড়তে পারবেন। একবার পুরো চার্জ দিলে সেটি ২০০ মাইল বা ৩২২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। উড়তে পারবে ১১০ মাইল বা ১৭৭ কিলোমিটার পথ। সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিশ্বের প্রথম ফ্লাইং কার-এর প্রি-অর্ডার বুকিং করা যাবে।

মডেল এ ফ্লাইং কারের মূল্য শুরু হচ্ছে ৩ লক্ষ মার্কিন ডলার বা ২.৪৬ কোটি টাকা থেকে। ইলেকট্রিক মডেলের প্রি অর্ডার করা যাবে ১৫০ মার্কিন ডলার বা ১২৩০৮ টাকা খরচ করেই। রয়েছে প্রায়োরিটি বুকিংয়ের বন্দোবস্ত। সেক্ষেত্রে দেড় হাজার মার্কিন ডলার বা ১.২৩ লক্ষ টাকা দিতে হবে সংস্থাটিকে।
গাড়িটির প্রি অর্ডার যেমন অনেক ব্যক্তি করছেন, তেমনই কিছু সংস্থাও করেছে বলে দাবি করছে অ্যালেফ। মডেল এ গাড়িটির উৎপাদন শুরু হবে ২০২৫ সাল থেকেই। ইউএস ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্পেশ্যাল এয়ারওরদিনেস সার্টিফিকেট পাওয়ার কথাটি জানিয়েছে সংস্থাটি। তবে যে কোনও জায়গায় গাড়িটি ওড়ানো যাবে না।

পূর্বনির্ধারিত কিছু জায়গাতেই গাড়িটিকে ওড়ানোর অনুমতি মিলেছে। লোকেশন এবং গাড়িটি ওড়ানোর যথাযথ কারণও থাকতে হবে। যে জায়গাগুলি দিয়ে গাড়িটিকে ওড়ানো যাবে সেজন্য হোয়াইটলিস্টেড এরিয়া চিহ্নিত করা হচ্ছে। পরিবেশবান্ধব গাড়িটি সময় বাঁচানোর ক্ষেত্রে খুবই উপযোগী হবে বলে দাবি সংস্থার।
আপাতত মডেল এ আনা হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে মডেল জেড আনার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। মডেল জেড একবার পুরো চার্জ দিলে যেতে পারবে ৩০০ মাইল বা ৪৮৩ কিলোমিটার এবং উড়তে পারবে ২২০ মাইল বা ৩৫৪ কিলোমিটার পথ। সেই মডেলের গাড়িতে চার থেকে ৬ জন বসতে পারবেন। এর দাম হবে ৩৫ হাজার মার্কিন ডলার বা ২৮.৭২ লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications