Confirmed Rail Ticket: ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে নিশ্চিত আসন সহ প্রকাশিত হবে চূড়ান্ত যাত্রী তালিকা, নয়া উদ্যোগ রেলের
যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল এক দারুণ পরিবর্তন আনছে। এখন থেকে ট্রেনের নির্ধারিত যাত্রার ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত যাত্রী তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে এই তালিকা ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে প্রকাশিত হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, এই নতুন পদ্ধতিটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং রেল বোর্ড কর্তৃক তা যাচাইয়ের পর হয়ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এই নতুন ব্যবস্থাটি বর্তমানে পশ্চিম রেলওয়ে জোনের বিকানের ডিভিশনে একটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে। গত ৬ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে এর পর্যালোচনা সম্পন্ন হওয়ার কথা। ইতিবাচক হলে এই প্রকল্পটি সারা দেশের অন্যান্য ডিভিশনেও প্রসারিত করা হতে পারে।

রেলওয়ে সূত্র থেকে জানা গিয়েছে, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা যাত্রীদের, আরও কার্যকরভাবে ভ্রমণের পরিকল্পনা করতে সহায়তা করা এবং শেষ মুহূর্তের চাপ এড়ানো। এর ফলে অপেক্ষমাণ তালিকার টিকিটধারী যাত্রীরাও একদিন আগে তাদের যাত্রা পুনরায় বিবেচনা বা পরিকল্পনা করার সুযোগ পাবেন।
এই পদক্ষেপের আরও একটি লক্ষ্য হল, কিছু প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে যেসব স্টেশনকে আনুষ্ঠানিক স্টপেজ হিসেবে মনোনীত করা হয়নি, সেসব স্টেশন থেকে যাত্রীদের অন-রুট বোর্ডিংয়ের সুবিধা দেওয়া। অন্যদিকে পাইলট প্রকল্প চলাকালীন টিকিট প্রাপ্যতা এবং অন স্পট বুকিংয়ের বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।
এছাড়াও রেল তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম কঠোর করেছে। আইআরসিটিসি-র মাধ্যমে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য এখন আধার ভিত্তিক ই-যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যেসব যাত্রীর আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, তারা তৎকাল বুকিংয়ের প্রথম ১০ মিনিটের মধ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবেন। এমনকী অনুমোদিত এজেন্টদেরও এই প্রাথমিক উইন্ডোতে বুকিং অ্যাক্সেস করতে বাধা দেওয়া হবে।












Click it and Unblock the Notifications