Indian Railways: পয়লা জুলাই থেকেই ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের, কোন দূরত্বে পকেটে কতটা পড়বে টান? জানুন হিসাব
ভারতীয় রেল ১ জুলাই, ২০২৫ থেকে ভাড়া কাঠামোয় পরিবর্তন আনছে। এই পরিবর্তন মূলত দূরপাল্লার যাত্রার জন্য প্রযোজ্য হবে। সেখানে মূলত যাত্রী পরিষেবা উন্নত করা এবং অপারেটিং খরচ নিয়ন্ত্রণে রাখাই মূল কারণ হতে পারে। তবে দৈনন্দিন অথবা স্বল্প-দূরত্বের যাত্রার ক্ষেত্রে শহরতলির ট্রেন যাত্রায় ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না।
জানা গিয়েছে, সাধারণ সেকেন্ড ক্লাস ট্রেনে ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যারা ভ্রমণ করবেন, তাদের জন্য প্রতি কিলোমিটারে আধ পয়সা (০.৫ পয়সা) করে ভাড়া বৃদ্ধি পাবে। এটি মূলত দূরপাল্লার সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ ১ হাজার কিলোমিটার গেলে বাকি ৫০০ কিমির জন্য ২.৫০ টাকা বাড়তি দিতে হবে।

এছাড়া মেল বা এক্সপ্রেস ট্রেনে যারা নন-এসি কোচে (যেমন স্লিপার ক্লাস, সেকেন্ড ক্লাস নন-এসি কামরা) ভ্রমণ করবেন, তাদের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। অর্থাৎ ১ হাজার কিলোমিটার গেলে দিতে হবে অতিরিক্ত দশ টাকা।
সমস্ত এসি ক্লাসের যাত্রীদের জন্য ভাড়ায় তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি করা হয়েছে। এসি চেয়ার কার (AC Chair Car), এসি থ্রি টিয়ার (AC 3 Tier), এসি টু টিয়ার (AC 2 Tier) এবং ফার্স্ট ক্লাস এসি (First Class AC) সহ সমস্ত এসি কোচের যাত্রীদের জন্য প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়বে। এই বৃদ্ধি মূলত প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের ওপর প্রভাব ফেলবে। অর্থাৎ ১ হাজার কিলোমিটারে দিতে হবে বাড়তি ২০ টাকা।
অন্যদিকে মেট্রো শহরগুলিতে এবং অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় চলা লোকাল ট্রেনগুলির ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। যারা মাসিক সিজন টিকিট ব্যবহার করে নিয়মিত যাতায়াত করেন, তাদেরও টিকিটের মূল্য বাড়বে না বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications