বিমান যাত্রীদের জন্য সুখবর! টিকিট বুক করার পর ৪৮ ঘণ্টার মধ্যেই বাতিল করলে লাগবে না কোনও অতিরিক্ত খরচ!জেনে নিন
বিমানে ভ্রমণের পরিকল্পনা বদলালে সবচেয়ে বড় ঝামেলা হয় টিকিট বাতিল করতে গিয়ে। সাধারণত বাতিলের সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের টাকা কাটা পড়ে যাত্রীর পকেট থেকে। তবে এবার সেই পরিস্থিতিই বদলাতে চলেছে। দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এক নয়া প্রস্তাব এনেছে, যাতে টিকিট বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রীরা চাইলে বিনা খরচে টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন।
নতুন নিয়মে বলা হয়েছে, কোনও যাত্রী যদি কোনও ট্রাভেল এজেন্সি কিংবা অনলাইন ট্রাভেল পোর্টাল থেকে টিকিট কেনেন, সে ক্ষেত্রেও রিফান্ডের দায়িত্ব থাকবে এয়ারলাইন্সের ওপরই। অর্থাৎ মধ্যস্থতাকারী নয়, সরাসরি এয়ারলাইন্সই টাকা ফেরত দেবে।

ডিজিসিএর প্রস্তাব অনুসারে, টিকিট বাতিল বা পরিবর্তনের রিফান্ড ২১ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এছাড়া, বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে টিকিটে নামের বানান ভুল ধরা পড়লে, আর তা যদি একই যাত্রীর হয়, তাহলে সংশোধনের জন্য কোনও অতিরিক্ত ফি নেবে না এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি টিকিট সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে কেনা হয়।
ডিজিসিএ আরও জানিয়েছে, টিকিট বুক করার পর যাত্রীদের জন্য থাকবে লুক ইন পিরিয়ড ৪৮ ঘণ্টার এই সময়ের মধ্যে যাত্রীরা চাইলে তারিখ বা ফ্লাইট পরিবর্তন করতে পারবেন, অতিরিক্ত চার্জ ছাড়া। তবে নতুন ফ্লাইটের ভাড়া যদি বেশি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ভাড়ার পার্থক্যটাই গুনতে হবে। তবে এই সুবিধা সব বিমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বুকিংয়ের তারিখ থেকে যেসব দেশীয় ফ্লাইট ৫ দিনের মধ্যে উড়বে, ও আন্তর্জাতিক ফ্লাইট ১৫ দিনের মধ্যে, সে ক্ষেত্রে এই ফ্রি বাতিল বা পরিবর্তনের সুবিধা পাওয়া যাবে না। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলে স্বাভাবিক নিয়মেই ক্যানসেলেশন চার্জ ধার্য হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বলা হয়েছে, যাত্রী বা তাঁর পরিবারের কারও চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে এয়ারলাইন্স চাইলে টাকা ফেরত দিতে পারে বা ক্রেডিট সেল দিতে পারে।
ডিজিসিএ এই খসড়া নিয়ে যাত্রী, এয়ারলাইন্স ও অন্যান্য সংশ্লিষ্ট মহলের মতামত চেয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।












Click it and Unblock the Notifications