যুগান্তকারী সিদ্ধান্ত! EPFO-তে এবার থেকে তোলা যাবে ১০০ শতাংশ টাকা, কারা পাবেন এই সুবিধা?
EPFO-তে সুবিধাপ্রাপ্ত চাকুরীজীবিদের জন্য সুখবর শোনালো অবসর তহবিল সংস্থা ইপিএফও-র বোর্ড। এবার থেকে নিজের জমানো টাকা তোলা যাবে ১০০ শতাংশ পর্যন্ত। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সুবিধে পাবেন প্রায় ৭ কোটি মানুষ। স্বভাবতই এই খবরটি পাওয়ার পরেই খুশির মহল তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। আগে টাকা তোলার ক্ষেত্রে ১৩ টি জটিল নিয়ম ছিল। এখন সেইসবগুলিকে ভেঙে একত্রে মিলিয়ে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ চাহিদা, আবাসন এবং জরুরি পরিস্থিতি।

টাকা তোলার নিয়ম শিথিল করার পাশাপাশি আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পিএফও এই সংক্রান্ত পরিষেবাকে আরও আধুনিকরণ করার জন্য 'ইপিএফও ৩.০'-কে কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে বাড়িতে বসেই ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট হাতে পাবেন গ্রাহকরা। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা পিএফ-এর বকেয়া ও জরিমানা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে চালু করা হচ্ছে 'বিশ্বাস প্রকল্প'।
এতদিন পর্যন্ত, শুধুমাত্র বেকারত্ব বা অবসর গ্রহণের পরে সম্পূর্ণ পিএফ তোলার অনুমতি ছিল। চাকরি হারানোর এক মাস পরে একজন সদস্য ৭৫% এবং দু'মাস পরে বাকি ২৫% টাকা তুলতে পারতেন। পাশাপাশি অবসরের পর সম্পূর্ণ টাকা তোলারও কোনও বিধিনিষেধ ছিল না। কিন্তু এখন এইসমস্ত নিয়মেও হয়েছে পরিবর্তন। পড়াশুনোর জন্য টাকা তোলার সীমা ১০ বার এবং বিয়ের জন্য পাঁচবার পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। যা আগের নিয়মের থেকে আলাদা। কারণ আগে এই দুই ক্ষেত্রেই মাত্র ৩ বার টাকা তোলা যেত। টাকা তোলার ক্ষেত্রে কমানো হয়েছে ন্যূনতম কর্মজীবনের সময়সীমাও। কেউ যদি ১২ মাস বা এক বছর ইপিএফও-র সদস্য থাকেন, তা হলেই একবছর পূর্ণ হওয়ার পরের দিন থেকেই প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন।
এক্ষেত্রে মনে রাখবেন, ১০০ শতাংশ টাকা তুলে নেওয়ার ক্ষমতা দেওয়া মানেই নিজের পিএফ একাউন্ট একেবারে শূন্য করে দিতে পারবেন না। তাই কেন্দ্রীয় শ্রমমন্ত্রক স্পষ্ট ভাবে জানিয়েছে সবসময় নিজের একাউন্ট-এ ২৫ শতাংশ অর্থ রাখতেই হবে। যাতে ৮.২৫% বার্ষিক সুদ পেতে কোনো অসুবিধা না হয়।












Click it and Unblock the Notifications