Stock Market Crash History: ১৮৬৫-২০২৫, কবে কবে রক্তগঙ্গা বয়েছিল শেয়ার বাজারে? ইতিহাসের আলোকে
Stock Market Crash History: সোমবার দালাল স্ট্রিটে কার্যত রক্তগঙ্গা বয়ে গেছে। বাজার খুলতেই ধস নেমেছে সেনসেক্স ও নিফটি সূচকে। গাঢ় লাল রঙেই দিনভর বাঁধা রইল শেয়ার বাজারের সর্বত্র। ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে নেতিবাচক প্রভাব পড়েছে ভারত-সহ বিভিন্ন দেশের শেয়ার মার্কেটে। এদিন যথাক্রমে ৫.২৭ শতাংশ ও ৫.০৬ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে সেনসেক্স ও নিফটিতে। ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে কি এর আগে এতবড় বিপর্যয় এসেছিল? অতীত ঘেঁটে যা পাওয়া গেল:
সাল ২০২৪: গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টানা নিম্নমুখীই থেকেছে সেনসেক্স। প্রায় ১০ হাজার পয়েন্ট বা ১১.৭৯ শতাংশ পড়ে গিয়েছিল। ২০২৪ সালের শেষ চার মাসে নিফটিতে ১২.৩৮ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছিল। লোকসভা নির্বাচনের পরে ৩-৪ জুন থেকে ১৩৮০ পয়েন্টে ক্র্যাশ করে নিফটি।

সাল ২০২০: কোভিড অতিমারীর কথা নতুন করে বলার কিছু নেই। লকডাউনের আগে ২৮ ফেব্রুয়ারি ১৪৪৮ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। মার্চে গিয়ে আরও ১ হাজার পয়েন্ট পতন হয় ওই সূচকে। পরে বিশ্বব্যাপী লকডাউন পরিস্থিতির জেরে ২৭১৩.৪১ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। নিফটি একদিনের জন্য ১১৩৫ পয়েন্টও কমে গিয়েছিল।
সাল ২০১৫: চিনে অর্থনৈতিক মন্দা ও চৈনিক মুদ্রা ইউয়ানের অবমূল্যায়নের জেরে সেনসেক্সে ১৬২৪ পয়েন্ট পতন লক্ষ্য করা যায়। নিফটিও কমে গিয়েছিল ৪৯০ পয়েন্ট। প্রায় ৯ শতাংশ পতন হয়েছিল চিনের শেয়ার বাজারেও।
সাল ২০০৮: গোটা বিশ্বেই ২০০৮ সালে আর্থিক মন্দা দেখা দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ব্যাঙ্ক নিজেদের দেউলিয়া ঘোষণা করে। ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি মূলধন সরিয়ে নিতে শুরু করেন বিনিয়োগকারীরা। সেনসেক্স তলানিতে ঠেকে ১৫,৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছিল সেবারে। ২২ জানুয়ারি এক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল লেনদেন।
সাল ২০০৭: এই গোটা বছরে সেনসেক্স ও নিফটিতে বারবার উত্থান পতন লক্ষ্য করা গিয়েছিল। পাঁচবার পতন হয়েছিল দুই সূচকেই। আরবিআই নগদ জমার অনুপাত ও রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। অগাস্টের ১ ও ১৬ তারিখ লাগাতার পতনের পর ১৮ অক্টোবর ফের সেনসেক্স ও নিফটি যথাক্রমে ১৪২৮ পয়েন্ট ও ২০৮ পয়েন্ট কমে দাঁড়ায়।
সাল ২০০৪: বম্বে স্টক এক্সচেঞ্জে ১৫.৫২ শতাংশ পতন হয়। যা শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় পতন। তাই ২০০৪ সালের ১৭ মে তারিখটিকে ব্ল্যাক মানডেও বলা হয়। এনডিএ সরকারের অপ্রত্যাশিত পরাজয় ও কংগ্রেসের অপ্রত্যাশিত জয়ের কারণে পতন লক্ষ্য করা গিয়েছিল শেয়ার বাজারে। বাজপেয়ী জমানার শেষ ছিল সেবছরই।
সাল ১৯৯২: হর্ষদ মেহতা দুর্নীতির জেরে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে মূলধন তুলে নিতে থাকেন। যার জেরে সেবছর ১২.৭৭ শতাংশ পড়ে গিয়েছিল বিএসই সেনসেক্স। মেহতাকে প্রতারক ঘোষণা করা হয়।
সাল ১৯৯১: এবারেও হর্ষদ মেহতা ও কেতন পারেখের দুর্নীতির জেরে বিএসই ও এনএসই সূচকে পতন লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও বিশ্বের অন্যান্য প্রভাবও ছিল।
সাল ১৯৮২: শেয়ার শর্ট সেলিংয়ের জেরে ১৯৮২ সালে পরপর তিনদিনের জন্য বম্বে স্টক এক্সচেঞ্জে পতন লক্ষ্য করা গিয়েছিল। প্রায় ১.১০ লক্ষ শেয়ার শর্ট সোল্ড করা হয়েছিল বলে খবর উইকিপিডিয়া সূত্রে।
সাল ১৮৬৫: বিএসই তৈরিই হয়নি। ১৮৬৫ সালেই প্রথমবার বিরাট ধাক্কা খায় শেয়ার বাজার। আমেরিকায় গৃহযুদ্ধের পরিণতি নিয়ে আশঙ্কার দোলাচলে পতন হয়েছিল শেয়ার বাজারে।












Click it and Unblock the Notifications