LPG-র দামে পরিবর্তন থেকে নতুন সিম কার্ড কেনা, এদিন থেকে দেশে বড় পরিবর্তনগুলি একনজরে
নতুন বছর শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই দেশে অনেকগুলি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে বেশ কিছু নিয়মে। পরিবর্তন হয়েছে এলপিজির দামে। নুতন সিম কার্ড কিনতে গেলেও নতুন নিয়ম চালু হয়েছে এদিন থেকে।
একনজরে দেখে নেওয়া যাক পাঁচটি বড় পরিবর্তন-

- এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন
এদিন থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। সারা দেশে দেড় টাকা থেকে সাড়ে চার টাকা পর্যন্ত তা কমলেও, বাংলায় তা বেড়েছে ৫০ পয়সা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন ১৭৫৫.৫০ টাকা, মুম্বইতে ১৭০৮.৫০, চেন্নাইতে ১৯২৪.৫০ এবং কলকাতায় ১৮৬৯ টাকা। তবে ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
- স্বল্প সঞ্চয়ে পরিবর্তন
এদিন থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বেড়েছে। বার্ষিক আট শতাংশ থেকে এখন সুদের হার ৮.২০ শতাংশ। এছাড়া পোস্ট অফিসে তিন বছরের আমানতে সুদের হার ৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.১০ শতাংশ। এই বৃদ্ধি শুধুমাত্র ২০২৪-এর জানুয়ারি থেকে মার্চ সময়কালের জন্য।
- সিম এবার ডিজিটাল কেওয়াইসির মাধ্যমে
এবার থেকে নতুন সিম কিনতে গেলে কাগজ ভিত্তিক কেওয়াইসির পরিবর্তে ডিজিটাল কেওয়াইসি বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এর অর্থ হল, নতুন সিম কার্ড কেনার সময় গ্রাহকদের ই-কেওয়াইসি করতে হবে।
- সেকেন্ডারি মার্কেটের জন্য ইউপিআই
এদিন থেকে সারা দেশে সেকেন্ডারি মার্কেটের জন্য ইউপিআই চালু করা হয়েছে। এরপর থেকে বিনিয়োগকারীরা ইউপিআই-এর মাধ্যমে অর্থ প্রদান করে শেয়ার কিনতে সক্ষম হবেন। তবে প্রথম পর্যায়ে এই পরিষেবা শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীকে দেওয়া হবে।
- জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
নতুন বছরের প্রথম মাসে বিভিন্ন রাজ্যে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত ছুটিও যুক্ত রয়েছে। ফলে ব্যাঙ্কের গ্রাহকদের ছুটির তালিকা দেখে বাড়ি থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications