ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম
ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ১ এপ্রিল থেকে অনলাইন অথবা ডিজিটাল মাধ্যমে হওয়া সমস্ত ধরনের লেনদেনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, ডিজিটাল পেমেন্টে নিরাপত্তা আরও শক্ত করার জন্যেই এই নিয়ম চালু করা হচ্ছে। অর্থাৎ, কোনও অনলাইন লেনদেন সম্পন্ন করার জন্যে গ্রাহককে দুটি আলাদা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে।
এই যাচাই করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যেমন, পিন, পাসওয়ার্ড, হার্ডওয়্যার অথবা সফটওয়্যার টোকেন, এসএমএসে পাওয়া ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশনের মতো বায়োমেট্রিক পদ্ধতি। ব্যাঙ্ক, কার্ড নেটওয়ার্ক অথবা ফিনটেক সংস্থাগুলি গ্রাহকদের সামনে একাধিক বিকল্প রাখতে পারবে।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকায় বলা হয়েছে যে, এই দুই ধাপের যাচাই প্রক্রিয়ার মধ্যে যেকোনো একটি ধাপ অন্তত প্রতিটি লেনদেনের সময় নতুন করে তৈরি হতে হবে। আর কোনও সংস্থা যদি এই নিয়ম মেনে না চলে এবং তার ফলে যদি কোনও প্রতারণা ঘটে, তবে সেই সংস্থাকেই তার দায় নিতে হবে। এছাড়াও বিদেশে হওয়া ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও এই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। যার সময়সীমা আগামী ১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গত কয়েক বছরের মধ্যে ইউপিআই এবং মোবাইল ওয়ালেটের অতিরিক্ত ব্যবহার হওয়ার ফলে দেশে ডিজিটাল পেমেন্ট অনেকটাই তাড়াতাড়ি বেড়েছে। তবে এই সঙ্গে অনলাইন প্রতারণা, ফিশিং এবং অনুমতি ছাড়া লেনদেনের ঘটনাও অনেক বেড়েছে। এই ঝুঁকি কমানোর জন্যেই এই নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(RBI)।












Click it and Unblock the Notifications