ধেয়ে আসছে ৩ কিলোমিটার লম্বা পঙ্গপালের দল, সতর্ক রয়েছে ঝাঁসি প্রশাসন
ধেয়ে আসছে ৩ কিলোমিটার লম্বা পঙ্গপালের দল, সতর্ক রয়েছে ঝাঁসি প্রশাসন
একে তো করোনা মহামারির জেরে দেশের বিভিন্ন রাজ্য হিমসিম খাচ্ছে। তার ওপর ফের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার আশেপাশে পঙ্গপালের উপদ্রব শুরু হল আচমকা। শনিবার সন্ধ্যা থেকেই পঙ্গপালের দল উৎপাত শুরু করে, জেলার প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

প্রস্তুত ঝাঁসি জেলা প্রশাসন
ঝাঁসির জেলা প্রশাসন কীটনাশক নিয়ে দমকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কারণ যে কোনও সময় পঙ্গপাল হানা দিতে পারে। এই পোকা শস্য ও সবজি ধ্বংস করে দিতে পারে দ্রুত। তাই নির্দেশ দেওয়া হয়েছে, রাসায়নিক স্প্রে করে পঙ্গপাল নিধনের জন্য প্রস্তুত থাকতে। জেলাশাসক অন্দ্র ভামসি সম্প্রতি এই নিয়ে একটি বৈঠকও করেছেন। তিনি বলেন, ‘গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য, পঙ্গপাল সেখানেই যায়। তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেওয়া হবে।'

আকারে ছোট পঙ্গপাল
কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিয়ার জানিয়েছেন, এগিয়ে আসছে পঙ্গপালের ঝাঁক। তবে এগুলি আকারে ছোট। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, দেশে ঢুকে পড়েছে ২.৫ থেকে ৩ কিমি দীর্ঘ পঙ্গপালের ঝাঁক। রাজস্থানের কোটা থেকে একটি দল আসছে পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে।' এই মুহূর্তে পঙ্গপালের ঝাঁক অবস্থান করছে ঝাঁসির বাঙ্গরা মগরপুরে। কমল কাটিয়ার জানিয়েছেন, রাতে পঙ্গপালগুলির উপরে কীটনাশক স্প্রে করা হবে।

পাঞ্জাবে হানা দিয়েছেল পঙ্গপাল
এর আগেও পঙ্গপালের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল পাঞ্জাবের কৃষকরা। বহু ফসল তাদের নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়াও পাকিস্তানেও পঙ্গপালের উপদ্রবের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সালে রাজস্থানের ১২ জেলায় পঙ্গপাল হানা দিয়ে ১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

পাকিস্তান থেকে রাজস্থানে ঢোকে পঙ্গপাল
চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে ভারতের রাজস্থানে ঢুকেছিল পঙ্গপাল। অর্ধেক ফসল নষ্ট করে তারা এখন যাচ্ছে দিল্লির দিকে। যোধপুরভিত্তিক পঙ্গপাল সতর্ককারী সংস্থার (এলডব্লিউও) উপ-পরিচালক কেএল গুরজার বলেন, ‘২০১৯ সালে পরিপক্ক হলুদ রংয়ের পঙ্গপাল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রজনন করেছিল। তাদেরই বংশ থেকে এসেছে গোলাপি রঙের একদল পঙ্গপাল। এরা আগেরগুলোর চেয়ে আরও বেশি ফসল নষ্ট করে।'












Click it and Unblock the Notifications