Travel: বিষ্ণুপুর নয়, টেরাকোটার মন্দির দেখতে ঘুরে আসুন কলকাতার কাছে এই জায়গায়
কলকাতার কাছাকাছি অনেকেই বেড়াতে যেতে চান। সপ্তাহান্তে হাতে মাত্র ২ দিন ছুটি। কাজেই বেশি দূরে যাওয়া সকলের পক্ষে সম্ভব হয় না। সেরকমই একটি কাছে পিঠের জায়গা হল শীপুর। কলকাতা থেকে ঘণ্টা তিনেকের ড্রাইভেই পৌঁছে যাওয়া যায়।
শীপুরে রয়েছে টেরাকোটার মন্দির। যেমনটা দেখা যায় বিষ্ণুপুরে। গ্রামবাংলার এক মন্দিরময় জনপদ হল শীপুর। এখানে এলে দেখতে পাবেন কেশবেশ্বর শিবমন্দির, হটনাগর শিবমন্দির। দুটির দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। আবার রয়েছে গোকুলানন্দ জিউর মন্দির, জগন্নাথ মন্দির, ভৈরবনাথের মন্দির।

বেশিরভাগ মন্দিরেই টেরাকোটার কাজ দেখা যায়। রঘুনাথ জিউর মন্দিরে টেরাকোটার কাজ মুগ্ধ করবে। যেখানে অসামান্য শৈল্পিক নৈপুণ্যে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা, কমলে কামিনী, রাবণের সীতাহরণ, গরুড় রাবণের যুদ্ধ, রাবণের মস্তকছেদন, শূর্পনখার নাসিকা ছেদন। এছাড়া লতাপাতার নকশা তো রয়েইছে। অসম্ভব সুন্দর এই নাটমন্দির।
এখান থেকে চার কিলোমিটার দূরেই রয়েছে ষড়ভুজ গৌরাঙ্গ মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে কাঠের তৈরি কৃষ্ণ, বলরাম, চৈতন্য দেবের মূর্তি। শীপুর আসতে বেশি সময় লাগে না কলকাতা থেকে। খুব বেশি হলে চার থেকে সাড়ে চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। এগরা থেকে শীপুর ১৯ কিলোমিটার। আর পাঁচরোল ৮ কিলোমিটার।
তবে শীপুরে যদি কেউ চান থাকতে পারবেন না। কাঁথিতে নিশি যাপন করতে হবে। সারাদিন ঘুরে বেড়ানোর জন্য শীপুর আদর্শ। কাঁথিতে অসংখ্য ট্যুরিস্ট লজ, হোটেল রয়েছে। সেখানে অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় একটা রাত। কাজেই সপ্তাহান্তের ছুটিতে যাঁরা কাছে পিঠে বেড়ানোর পরিকল্পনা করছেন তাঁদের জন্য অপেক্ষা করছে শীপুর। কাছে পীঠে বেড়ানোর আদর্শ জায়গা। আবার কেউ চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন।












Click it and Unblock the Notifications