Travel: ভুটান পাহাড়ের গা ঘেঁষে রয়েছে এই ছোট্ট গ্রাম, উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রের একেবারে নতুন এই জায়গা
উৎসব প্রায় শেষের পথে। কিন্তু বেড়ানো যাঁদের নেশা যাঁরা ভালবাসেন বেড়াতে তাঁদের কাছে উৎসব বা ছুটি কোনও ভাবে কাজ করে না। তাঁরা ঝোলা নিয়ে বেড়িয়ে পড়েন। এই ভ্রমণ পিপাসুদের জন্য রইল উত্তরবঙ্গের এক নতুন ঠিকানা গোদক।
একেবারে নতুন এই পর্যটন কেন্দ্রটি। উত্তরবঙ্গের ইন্দো-ভুটান সীমান্তের ছোট্ট একটা গ্রাম গোদক। একদিকে ভুটান পাহাড় আরেক দিকে তোদেখোলা নদী। অফুরান সবুজে ভরা এই জায়গাটি কালিম্পং জেলাতেই অবস্থিত। পাহাড়ি গ্রামে কয়েকটা দিন কাটিয়ে আসলে নতুন করে বাঁচার উদ্দিপনা তৈরি হয়।

গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে পাথুরে টিলা। সেই পাথরের উপরে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। ভুটান পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে। পাহাড়ের রাই শাকের ক্ষেত, এলাচ গাছের সমাহার। রাস্তা ঘাট বেশ ভাল। গ্রামবাসীরা রাস্তার দুই ধারে ফুলগাছ লাগিয়ে রেখেছেন।
এই গ্রামের একদিকে ভুটান আরেকদিকে চিসাং। অর্থাৎ সিকিম এবং ভুটানের মাঝখানে অবস্থিত এই গোদক গ্রামটি। এখানে গুটি কয়েক হোমস্টে রয়েছে। কাজেই একেবারে নতুন এই জায়গা। গ্রামের মানুষেরা এখানে নিজেদের মতো করে চাষবাস করে জীবন যাপন করে। একেবারেই পাহাড়ি গ্রামীণ জীবনের মাঝে কটা দিন কাটিয়ে যেতে হলে ঘুরে আসুন এই গোদকে।
শিলিগুড়ি থেকে গোদকের দূরত্ব ১০০ কিলোমিটার। গাড়িতে পৌঁছতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে। আবার মালবাজার থেকেও আসা যায়। সেখান থেকে দূরত্ব ৫০ কিলোমিটার। আসতেও কম সময় লাগে। রাতের গোদক একেবারে নিরিবিলি। সামনের ভুটান পাহাড় আলোয় ঝলমল করে। হোমস্টের বারান্দায় বসে বার্বিকিউর স্বাদ নিতে নিতে সেই আলো ঝলমলে ভুটান পাহাড় উপভোগ করতে পারবেন।












Click it and Unblock the Notifications