নতুন বছরে পর্যটকদের জন্য রইল দেশের কিছু সেরা ডেস্টিনেশনের ঠিকানা
নতুন বছরে সেরা ডেস্টিনেশন
আসছে নতুন বছর। আর এই সময় বাড়িতে মন টেকেনা বহু ভ্রমণ-প্রিয়দের। পিঠে ব্যাগ আর হাতে ধরা ম্যাপই বরাবর পর্যটনপ্রেমীদের চেনা ছবি। তবে বিগত দু বছর ধরে করোনার করাল গ্রাসে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পর্যটন শিল্প। অবশেষে করোনার থাবা থেকে মুক্তির স্বাদ পেয়ে ধীরে ধীরে নিউ নর্মালে ফেরার চেষ্টা হলেও দুয়ারে যমের মত চোখ রাঙাচ্ছে ওমিক্রন। তবে সবকিছুকে দূরে সরিয়ে আবার ব্যাগ প্যাক গোছাতে শুরু করেছেন পর্যটকরা। আর প্রকৃতির সঙ্গে যারা নিউ ইয়ার সেলিব্রেট করতে চান তাঁদের জন্য রইল বেশ কয়েকটি সেরা পর্যটন কেন্দ্রের সুলুক সন্ধান।

গুলমার্গ (জম্মু ও কাশ্মীর)
ভূস্বর্গ হিসেবে পরিচিত ভারতীয় মানচিত্রের ঠিক মাথার উপরের অবস্থিত এই রাজ্য সম্পূর্ণ ভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। আর বিশেষত কাশ্মীরের গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাই নতুন বছরে ঘুরে আসা যায় পৃথিবীর এই স্বর্গরাজ্যে। জম্মু-তাওয়াই পর্যন্ত ট্রেন আর তারপর গাড়ি ভাড়া করে বা সরকারি বাসে যাওয়া যায় গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত গাড়ি ভাড়া ২,০০০ টাকা মত। ওখানে গিয়ে থাকতে চাইলে প্রতি রাতের হোটেল খরচ শুরু হয় মোটামুটি ৭০০ টাকা থেকে। গুলমার্গে ঘুরে দেখতে পারেন খিলানমার্গ, গলফ কোর্স, সেন্ট মেরী চার্চ, এলপাথর লেক, আর অবিশ্যই করতে হবে গন্ডোলা রাইড।

গ্যাংটক (সিকিম)
ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিমকে পাহাড়ের রাজপুত্র বলা হয়। ইতিমধ্যে এই রাজ্যে শুরু হয়েছে তুষারপাত। আর নতুন বছরের আগেই তা নিঃসন্দেহে পর্যটকদের জন্য বাড়তি পাওনা। পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতে ১৪৩৭ মিটার উচ্চতায় অবস্থিত এই শৈল রাজ্য সিকিম। আর তার রাজধানী হল গ্যাংটক। গ্যাংটকের প্রধান দর্শনীয় স্থান হল এম জি মার্গ। সুন্দর ফুল দিয়ে সাজানো অসাধারণ জায়গা এটি। এছাড়াও লাচেন, লাচুং আর ছাঙ্গু লেক এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। এখানে থাকার জন্য হোটেলের ভাড়া শুরু হয় মোটামুটি ১১০০ টাকা থেকে। সিকিম হল এমন একটি রাজ্য যেখানে রেল পরিষেবা নেই। তাই এখানে আসার উপায় হল শিলিগুড়ি বা আলিপুরদুয়ার থেকে যে কোনও যানবাহন।

গোয়া
ভারতের পশ্চিম উপকূলের এই রাজ্য মূলত বিদেশি পর্যটকদের সেরা ঠিকানা। আরব সাগরের নীল জল আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নতুন বছরে হতেই পারে সবার সেরা টুরিস্ট ডেস্টিনেশন। এখানকার দর্শনীয় স্থান হল ব্যাসিলিকা অফ ব্যোম জিসাস, পানাজি, মাপুসা, ভাস্কো দা গামা গোয়া। এই রাজ্য হল ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল রাজ্যগুলির মধ্যে অন্যতম। প্রতি রাতে এখানে মোটামুটি হোটেল ভাড়া ২০০০ টাকা থেকে শুরু।

যোধপুর (রাজস্থান)
ভারতের পশ্চিমের রাজ্য রজস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর যোধপুর। প্রাকৃতিক বৈচিত্রে রাজার ভূমি রাজস্থানের জুরি মেলা ভার। আর এই রাজ্য ভারতের মূল পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। যোধপুর রাজস্থান রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। মানুষের মধ্যে "ব্লু সিটি" বা নীল শহর নামে জনপ্রিয়। পুরানো শহরটি মেহরানগড় দুর্গের চারদিকে বৃত্তাকারভাবে অবস্থিত এবং বেশ কয়েকটি দরজা বিশিষ্ট প্রাচীর দ্বারা আবদ্ধ। তাই নতুন বছরে চলে আসুন ইতিহাসে সমৃদ্ধ এই শহরে।

কুর্গ (কর্ণাটক)
পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় পাহাড়-ঘেরা কুর্গ অসাধারণ প্রাকৃতিক দৃশের জন্য বিখ্যাত। উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, বিরামহীন ছোট-ছোট ঝরনা, নদী, একরের পর একর জমিতে কফি চাষ মন ভোলাবে পর্যটকদের। ভাগমণ্ডল মন্দির, তলাকাবেরী, এলিফ্যান্ট ক্যাম্প এখানকার দর্শনীয় স্থান। এখানকার প্রধান শহর মাদিকেরীতে থাকার অনেক জায়গা আছে। ১০০০ টাকা প্রতি রাতের হোটেল ভাড়া শুরু হয় এখানে।












Click it and Unblock the Notifications