Travel: শহরের কাছেই ঐতিহাসিক স্থান, সপ্তাহান্তে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গায়
কলকাতা শহরের কাছেই রয়েছে একাধিক অফবিট পর্যটন কেন্দ্র। একেবারে শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এক ঐতিহাসিকস্থান। যার নাম গড়ভবানীপুর। অনেকেই জায়গাটির নাম শোনেননি। কিন্তু এই জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে বঙ্গের ইতিহাসের ঘনিষ্ঠ যোগ।
হাওড়া জেলার মধ্যে অবস্থান এই গড়ভবানীপুরের। যার পোশাকি নাম রায় বাঘিনী রানি ভবশঙ্করী পর্যটন কেন্দ্র। রানি ভবশঙ্করের ইতিহাস জড়িয়ে রয়েছে এই পর্যটন কেন্দ্রে। এখানে রয়েছে শতাব্দী প্রাচীন গোপীনাথ জিউর মন্দির। যদিও মন্দিরের দ্বিতলটি ভগ্নপ্রায়। মন্দিরে গোপীনাথ জিউ ছাড়াও রয়েছেন ১৬ জন দেবদেবী।

১৭০৭ সালে বর্ধমানের রাজা এই গড়ভবানীপুর দখল করেছিলেন। রাজবাড়ি থেকে সেসময় প্রচুর ধনরত্ন নিয়ে গিয়েছিলেন বর্ধমানের রাজা। সেই সময় এই রাজবাড়ি ভিষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে সেটির দশা আরও খারাপ হয়ে যায়। এখানে খননকার্য করে প্রচুর ঐতিহাসিক সামগ্রি উদ্ধার করেছেন প্রত্নতত্নবিদরা।
পরে রাজ্য পর্যটন দফতর এই জায়গাটির সংস্কার শুরু করে। ধীরে ধীরে এই জায়গাটিকে সাজিয়ে তোলা হয়েছে। ২০১১ সালের পর থেকে পর্যটন দফতর এবং জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটকদের মধ্যে জায়গাটির পরিচিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। প্রায় ৪০ বিঘা জমির উপরে তৈরি এই রাজবাড়ি ঘিরে নতুন একটি পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে।
সপ্তাহান্তে যাঁরা কলকাতার কাছাকাছি কোথাও বেড়াতে যেতে চাইছেন তাঁদের জন্য এটি সেরা জায়গা হতেই পারে। একেবারে শহরের কাছে ঐতিহাসিক স্থান খুব কমই রয়েছে। তাও আবার বাংলার ইতিহাস সমৃদ্ধ স্থানটি। কলকাতা শহর নিজে ইতিহাস সমৃদ্ধ হলেও পুরোটাই ব্রিটিশ শাসনের ইতিহাস। তাতে বাংলার নিজস্ব ইতিহাস খুব কমই রয়েছে। যাঁরা ঐতিহাসিক স্থান ঘুরতে ভালবাসেন তাঁদের ভালো লাগবে আশাই করা যায়।












Click it and Unblock the Notifications