জেনে নিন কলকাতার কাছাকাছি বনভোজনের জন্য কোথায় কোথায় রয়েছে আদর্শ জায়গা
জেনে নিন কলকাতার কাছাকাছি বনভোজনের জন্য কোথায় কোথায় রয়েছে আদর্শ জায়গা
২৫ শে ডিসেম্বর, ১লা জানুয়ারি বা এই দুই মাসের শনি রবি গুলোতে বাঙালি পিকনিক করবে না? এ ভাবনা অলীক৷ শীত কখনো বাধা হয়ে দাঁড়ায়নি বাঙালির উত্তেজনার কাছে। ভ্রমণ পিপাষু বাঙালি বনভোজনের সাথে সাথেই সেরে নিতে পারেন ছোট্ট একটা সফর ও। কলকাতার আশেপাশেই রয়েছে এমন একাধিক জায়গা, জেনে নিন সেরকমই কিছু জায়গার সন্ধান...

ডায়মন্ড হারবার
কলকাতার কাছেপিঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সাথে সাথে বনভোজন সেরে ফেলতে চাইলে চট করে ঢুঁ মেরে আসতে পারেন ডায়মন্ড হারবার। কলকাতা থেকে মাত্র ৫৭.৫ কিমি দূরে এই এলাকায় গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরের সাথে। একদেখায়, এই মোহনাকে সমুদ্র ভেবেও ভুল করতে পারেন আপনি। শিয়ালদহ থেকে সারাদিনে একাধিক ট্রেন পাওয়া যায় ডায়মন্ড হারবারের। সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা।

রায়চক
ভাগিরথী-হুগলী নদীর গা ঘেঁষা রায়চকের দূরত্ব কলকাতা থেকে ৫০ মাত্র কিলোমিটার। যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা। ব্যবস্থা আছে বোটিংয়েরও চট করে একদিনের ছুটি কাটানো বা বনভোজনের জন্য একেবারে আদর্শ জায়গা রায়চক।

টাকি
উত্তর ২৪ পরগনার ইছামতী নদীর তীরে অবস্থিত টাকি, কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে।পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিকের একেবারে আদর্শ জায়গা। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকালে চাপলেই সরাসরি পৌঁছানো যাবে টাকি স্টেশনে। নদীর ধারে রয়েছে সাজানো গোছানো একাধিক পিকনিক স্পট। পিকনিকের পাশাপাশি অল্প সময় নিয়ে ঘুরে দেখতে পারেন টাকি রাজবাড়ি মাছরাঙা দ্বীপ।

ব্যারাকপুর
অত দূরেও যেতে হবে না, কলকাতা থেকে পা বাড়ালেই মাত্র এক দেড় ঘণ্টায় পৌঁছাতে পারবেন ব্যারাকপুর। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই জায়গার বিশেষ গুরুত্ব রয়েছে। কলকাতা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত ব্যারাকপুরে রয়েছে বিখ্যাত গান্ধী ঘাট, মঙ্গলপান্ডে গার্ডেন, অন্নপূর্ণা মন্দির।

বকখালি
পিকনিকের পাশাপাশি দুদিন ঘুরে আসার জন্য একেবারে আদর্শ জায়গা বকখালি। দেবদারু বনের পাশাপাশি রয়েছে সমুদ্রের আমেজ।দক্ষিণ ২৪ পরগনার নামখানার পাশে অবস্থিত বকখালির দূরত্ব কলকাতা থেকে ১২৫ কিলোমিটার।












Click it and Unblock the Notifications