দামোদরের পাড়ে আরতি দেখেছেন? বেড়িয়ে আসুন ঘরের কাছেই বীরভানপুরে
সপ্তাহান্তে কোথায় ২ একদিনের জন্য বেড়িয়ে আসতে চান। চলে আসুন কলকাতার কাছেই বীরভানপুরে। একেবারে দামোদন নদের পাড়ে এই জায়গা। নদীর হাওয়া খেতে খেতে সপ্তাহান্তের কিছুটা সময় বেশ নিরিবিলিতে কাটিয়ে দিতে পারবেন।
কলকাতার কাছেই রয়েছে এই অফবিট ট্যুরিস্ট স্পট। যেখানে রয়েছে সূর্যমন্দির। দামোদর নদের পাড়ে বীরভানপুরের সৌন্দর্য মুগ্ধ করবেই। টেরাকোটার কাজের অসংখ্য মন্দির রয়েছে এখানে। দামোদরের পাড়ে সূর্যাস্ত মুগ্ধ করবে আপনাকে। রয়েছে দুর্গামন্দির, কাঞ্চনেশ্বর শিবমন্দির, রামেশ্বর শিবমন্দির।

গঙ্গার পাড়ে সন্ধ্যা আরতি তো অনেক জায়গায় দেখেছেন। হরিদ্বার, হৃষিকেশ, বারাণসীতে। আমাদের কলকাতায় বাগবাজারেও প্রতিদিন গঙ্গাআরতি হয়। কিন্তু কখনও কি দামোদরের পাড়ে আরতি দেখেছেন। এখানে দামোদরের পাড়ে প্রতিদিন আরতি করা হয়। সেই আরতি গঙ্গা আরতির থেকে কোনও অংশে কম সুন্দর নয়। দামোদরের পাড়ে সূর্যাস্ত দেখার পর আরতি দেখে ফিরে আসুন হোটেলে।

এখান থেকে অনেক কিছু বেড়ানোর জায়গা রয়েছে। ইছাই ঘোষের দেউল, গড়জঙ্গল। শাল-পিয়ালের জঙ্গলের মধ্যদিয়ে পৌঁছে যান গড়জঙ্গলে শ্যামামন্দিরে। সেখানে দেবী দুর্গা পুজিত হন শ্যামা রূপে। সেখানেই রয়েছে দুর্গার আদি মন্দির। যেখানে দেবী চৌধুরানী নিজে দেবী দুর্গার আরাধনা করেছিলেন।

কলকাতা থেকে ট্রেনে বা বাসে দুর্গাপুর। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান বীরভানপুর। অটো-টোটো-রিকশাও যায়। দুর্গাপুর থেকে বীরভানপুরের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। কলকাতা থেকে সরাসরি গাড়িতেও আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব হবে ১৮০ কিলোমিটার। এখানে থাকার অনেক জায়গাই রয়েছে।












Click it and Unblock the Notifications