নজিরবিহীন উপনির্বাচনের মার্জিন! তৃণমূলের সর্বকালীন রেকর্ড বুকে লেখা হল নয়া ইতিহাস
নজিরবিহীন উপনির্বাচনের মার্জিন! তৃণমূলের সর্বকালীন রেকর্ড বুকে লেখা হল নয়া ইতিহাস
এককথায় নজিরবিহীন। উপনির্বাচনের ইতিহাসে এর আগে এত ব্যবধানে কোনও জয় এসেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে সেই আলোচনা ছাপিয়ে তৃণমূল কংগ্রেস বিভোর বাংলরা চার কেন্দ্রে বিপুল জয় নিয়ে। তবে কে সবথেকে বেশি ব্যবধানে যেতে এবারের উপনির্বাচনে সেই লড়াইও তারিয়ে তারিয়ে উপভোগ করেছে বাংলা।

উপনির্বাচনে বিজেপি রেখে গেল একরাশ লজ্জা
একুশের বিধানসভা নির্বাচনে ফিফটি-ফিফটি লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির। সেই নির্বাচনে দিনহাটায় ৫৭ ভোটে উদয়ন গুহকে পরাজিত হতে হয়েছিল তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে। সাংসদ হয়েও তিনি বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বিজেপির টিকিটে। শেষে সাংসদ পদ রেখে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। তাই উপনির্বাচনের অবতারণা। আর সেই উপনির্বাচনে বিজেপি রেখে গেল একরাশ লজ্জা।

দিনহাটা বনাম গোসাবা- কোন কেন্দ্রে বেশি মার্জিন
৫৭ ভোটে জেতা আসনে বিজেপি হারল ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে। এককথায় রেকর্ড মার্জিন। বিগত দিনের সমস্ত নির্বাচনী রেকর্ড ভেঙে দিল এই মার্জিন। এদিনের নির্বাচনী গণনায় তৃণমূল ও বিজেপি বা অন্যান্য বিরোধীদলের ভোটের ব্যবধান নিয়ে চর্চা চলছিল না, সব আলোচনা কেড়ে নিয়েছিল তৃণমূলের এক প্রার্থীর সঙ্গে অন্য কেন্দ্রের প্রার্থীর জয়ের ব্যবধান। দিনহাটা বনাম গোসাবা। কোন কেন্দ্রে সবথেকে বেশি ভোটে জয়ী হয় তৃণমূল।

সবথেকে বেশি ব্যবধানে জয়! রেকর্ড উদয়ন গুহের
নির্বাচনের ফলাফল সামনে আসার পর দেখা গেল গোসাবাকে হারিয়ে জয়ী দিনহাটা। দিনহাটায় যেখানে ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, সেখানে গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল জয়ী হলেন ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে। অর্থাৎ সুব্রত মণ্ডলের থেকে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকে বাংলায় উপনির্বাচনের ইতিহাসে সবথেকে বেশি ব্যবধানে জয়ের রেকর্ডে নাম লেখালেন উদয়ন গুহ।

গোসাবার সুব্রতকে হারিয়ে দিলেন দিনহাটার উদয়ন
গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলই সবথেকে বেশি ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষের দিকে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যান উদয়ন গুহ। দুটি কেন্দ্রেই লক্ষাধিক ভোটের ব্যবধান। দিনহাটায় আবার মার্জিন দেড় লক্ষেরও বেশি। তবে কম যায় না খড়দহও। খড়দহে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যাবধানও প্রায় ১ লক্ষ। ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

হিসাব উল্টে ছ-মাসের মধ্যে শান্তিপুরও তৃণমূলের
শান্তিপুরে বিজেপি জিতেছিল ১৩ হাজারের সামান্য বেশি ভোটে। সেই শান্তিপুরেও উল্টে গিয়েছে ফল। এবার তৃণমূল জয়ী হয়েছে ৬৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। তৃণমূল প্রার্থী তিনবার হারের পর এবার এই কেন্দ্রে জয়ী হল। এটি কংগ্রেসের আসন ছিল। গত বিধানসভা নির্বাচনে তা বিজেপির দিকে ঘুরে যায়। কিন্তু ছ-মাসের মধ্যেই তৃণমূল শান্তিপুরও নিজেদের দখলে নিয়ে চলে এল।

নিশীথ প্রামাণিকের হিসেব চুকিয়ে দিলেন উদয়ন
তবে রেকর্ড মার্জিনের দিনে সব নজর কেড়েছে দিনহাটা। এই কেন্দ্রে ২০২১-এর বিধানসভা নির্বাচনে রেকর্ড কম মার্জিনে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি ৫৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে। এবার রেকর্ড বেশি মার্জিনে জিতে নিশীথ প্রামাণিকের হিসেব চুকিয়ে দিলেন উদয়ন গুহ। তিনি নিশীথ প্রামাণিককে মোক্ষম জবাব দিলেন ৬ মাসের মধ্যেই।

একুশের বিধানসভা ভোটে সবথেকে বেশি ভোটে জয়ে
একুশের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি ভোটে জয়ের রেকর্ড ছিল আবদুল গনির। মালদহের সুজাপুর থেকে তৃণমূল প্রার্থী আবদুল গনি জিতেছিলেন ১ লক্ষ ২৯ হাজার ভোটে। তিনি ভোট পেয়েছিলেন ১ লক্ষ ৫২ হাজার ৪৫৫ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিলেন ২২ হাজার ভোট। বিজেপি প্রার্থী পান ১৪ হাজার ৬৫৫ ভোট।

চারটি কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধান, কোথায় কত
এবার চারটি কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি একুশের নির্বাচনে যে লড়াই দিতে সক্ষম হয়েছিল, উপনির্বাচনে তারা একেবারে হারিয়ে গেল। কার্যত ফাঁকা মাঠে বিজেপি-সহ বিরোধীদের মাত দিয়ে গেলেন। সেইসঙ্গে তৃণমূল প্রার্থীরা ব্যক্তিগত রেকর্ডও গড়ে নিলেন। নজিরবিহীনভাবে এত ব্যবধান কেউ জেতেনি। দিনহাটায় সবথেকে বেশি ১ লক্ষ ৬৩ হাজার, গোসাবায় ১ লক্ষ ৪১ হাজার, খড়দহে ৯৩ হাজার এবং শান্তিপুরে ৬৬ হাজারেরও বেশি মার্জিনে জিতে রেকর্ড গড়লেন তৃণমূল প্রার্থীরা।












Click it and Unblock the Notifications