বাংলা সিপিএমে নেতৃত্বে বদল! কারা কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন, জল্পনায় বহু নাম
বাংলা সিপিএমে নেতৃত্বে বদল! কারা কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন, জল্পনায় বহু নাম
বঙ্গ সিপিএমে এবার বদল এসেছে। সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হয়েছেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক বদলের পর এখন কেন্দ্রীয় কমিটিতে কারা সুযোগ পেতে পারেন, তা নিয়ে জল্পনা চলছে। উঠে আসছে অনেক নতুন নামও। শুধু কেন্দ্রীয় কমিটিতে রদবদল নয়, কেন্দ্রীয় কমিটিতে রদবদলের সঙ্গে সঙ্গে রাজ্যের সম্পাদকমণ্ডলীতেও বদল ঘটতে চলেছে সিপিএমে।

কেন্দ্রীয় কমিটিতেও নবীনবরণ!
রাজ্য সম্মেলনের পর সিপিএমের রাজ্য কমিটি গঠন হয়েছে। সেখানে পুরনোদের বিদায় দিয়ে নতুনদের স্বাগত জানানো হয়েছে। বুধবার থেকে সিপিএমের পার্টি কংগ্রেস শুরু হচ্ছে কেরলে। সেই পার্টি কংগ্রেসেই কেন্দ্রীয় কমিটির সদস্যদের বেছে নেওয়া হবে। যেহেতু এবার বয়সের ভারে বাংলার অনেক নেতা কেন্দ্রীয় কমিটি থেকে সরে যাচ্ছেন, তাঁদের জায়গায় কে আসবেন, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে যে নাম জল্পনায়
প্রথমেই যাঁর নাম আসতে পারে শোনা যাচ্ছে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী। সেক্ষেত্রে সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক থাকতে পারবেন না। তাঁকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে। সেক্ষেত্রে অন্য কাউকে জেলা সম্পাদকের পদ দিয়ে শমীককে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হতে পারে।

গৌতম দেবে বিশেষ অনুমতি পেয়েছিলেন
এক্ষেত্রে উল্লেখ্য যে, ব্যতিক্রমও হয়েছে সিপিএমে। গৌতম দেবকে কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য করার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকের পদে ছিলেন তিনি। তবে গৌতম দেবের ক্ষেত্রে স্পেশাল পারমিশন দেওয়া হয়েছিল পলিটব্যুরো থেকে। পুনরায সেই সম্ভাবনা কম।

শ্রীদীপ ভট্টাচার্যকে নিয়ে জল্পনা
কেন্দ্রীয় কমিটিতে এছাড়া শোনা যাচ্ছে অনাদি সাহুর নাম। তিনি সিটুর রাজ্য সম্পাদক। আর একজনের নাম নিয়ে বিশেষ করে জল্পনা চলছে। তিনি হলেন শ্রীদীপ ভট্টাচার্য। তাঁকে এবার রাজ্য সম্পাদক করা হবে বলে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ ল্যাপে তাঁকে সরিয়ে মহম্মদ সেলিম রাজ্য সম্পাদক হন। তিনি কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। এবার তাঁকে পলিটব্যুরো সদস্য করা হতে পারে।

কারা আছেন কেন্দ্রীয় কমিটিতে
সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস রায় চৌধুরী, রামচন্দ্র ডোম ও শ্রীদীপ ভট্টাচার্য কেন্দ্রীয় কমিটিতে যেমন ছিলেন, তেমনই থাকবেন। এছাড়া রেখা গোস্বামী, অঞ্জু কর ও মিনতি ঘোষ কেন্দ্রীয় কমিটিতে রয়েছে। তিনজনেই কেন্দ্রীয় কমিটিতে থাকবেন বলেই শোনা যাচ্ছে। তবে কাউকে বাদ দিয়ে নতুন কাউকে আনা হয় কি না, তা-ই দেখার।

মহিলা নাম নিয়ে বিস্তর জল্পনা
সিপিএমে অনেক মহিলা সদস্য কেন্দ্রীয় কমিটিতে ঢোকার ব্যাপারে লাইনে রয়েছেন। রমা বিশ্বাস, কনিনীকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবলীনা হেমব্রমের মতো অনেক নাম রয়েছে চর্চায়। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা থেকে কেন্দ্রয় কমিটিতে কাকে সুযোগ দেওয়া হয়, তা নিয়ে চর্চা চলছে। সায়নদীপ মিত্র ও পলাশ দাসের নাম নিয়ে চর্চা চলছে। আর রবীন দেবের জায়গায় ঢুকতে পারেন কল্লোল মজুমদার। সেক্ষেত্রে আবার কলকাতা জেলার সম্পাদক পদে অন্য কাউকে বেছে নিতে হবে।












Click it and Unblock the Notifications