একসঙ্গে হাত ধরে তৃণা আর ইন্দ্রজিৎ, তবে কি পাওয়া গেল নতুন রসায়নের খোঁজ?
কখনও তরী আবার কখনও গুনগুনের ভূমিকায় ছোট পর্দায় ঝড় তুলেছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল লাভ বিয়ে আজকাল সিরিয়ালে শ্রাবণের চরিত্রে অভিনয় করতে। মাঝে বেশ কিছু দিন কেটে গিয়েছে। নতুন করে তাই তৃণা সাহাকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
স্বামী নীল ভট্টাচার্য এই মুহূর্তে এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন। কিন্তু কবে ফিরবেন তৃণা? তা নিয়ে চলছিল অপেক্ষার প্রহর গোনা। অবশেষে কি অপেক্ষার অবসান হতে চলেছে?

ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। তবে এখনও পর্যন্ত কোন ধারাবাহিক বা অনুষ্ঠানে তাঁকে দেখা যেতে চলেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তাহলে দর্শকরা কীকরে বুঝলেন যে সকলের প্রিয় অভিনেত্রী কামব্যাক করছেন? আসলে সম্প্রতি সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো। সেখানে তৃণাকে দেখা গিয়েছে। তারমানে স্টার জলসাতেই আগামী কোনও ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে, এমনটাই মনে করছেন দর্শকরা।
তবে শুধু তৃণা নন, ওই প্রোমোতে দেখা গিয়েছে আরও এক চমক। কার বিপরীতে নায়িকা হচ্ছেন তৃণা? সেই ইঙ্গিতও নাকি মিলেছে ভিডিওতে। বাংলা টেলিভিশন জগতের একজন সুপরিচিত মুখ ইন্দ্রজিৎ বসু। বিভিন্ন ধারাবাহিকে তার অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছেন ইন্দ্রজিৎ।
বিশেষ করে রাশি সিরিয়ালে উজ্জ্বলের চরিত্রে অভিনয় করার জন্য সকলের কাছে পরিচিতি লাভ করেছেন ইন্দ্রজিৎ। এছাড়াও গোয়েন্দা গিন্নি, ধ্রুবতারার মতো জনপ্রিয় ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এই প্রথমবার তৃণা সাহার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ইন্দ্রজিৎকে।
উল্লেখ্য, টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম, এমনকী বড়পর্দাতেও তৃণা সাহার দেখা মিলেছে। তবে এবার ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। প্রোমোতে শাড়ি পড়ে ও মাথায় খোঁপায় পুরোদস্তুর বাঙালি সাজে ধরা দিয়েছেন তৃণা, অন্যদিকে সহেবিয়ানা মেটাতে দেখা গিয়েছে ইন্দ্রজিৎকে। তাহলে কি এটাই হতে চলেছে তাঁদের আগামী সিরিয়ালের লুক? শুরু হয়েছে জোরদার চর্চা।












Click it and Unblock the Notifications