টেলিপ্রেমীদের জন্য সুখবর, শুরু হচ্ছে তিনটি নতুন ধারাবাহিক
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক
দুপুর গড়িয়ে বিকেল, আর তারপর সন্ধেবেলা হলেই ড্রইং রুমে টেলিভিশন খুলে বসেন আপামর দর্শক মহল। টিভি দুনিয়ার একের পর এক ধারাবাহিকের সঙ্গে মিলে মিশে যায় সব দর্শকের জীবনের বহু আবেগ, সুখ, দুঃখ। সিরিয়ালের সঙ্গে এক হয়ে যান টেলি-লাভাররা। আর নতুন বছরের শুরুর সময় থেকেই বাংলা টেলিভিশন প্রেমীদের জন্য আসছে একগুচ্ছ নয়া ধারাবাহিক। তার মধ্যে ১০ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকেই বাংলার প্রথম সারির তিনটি বিনোদন চ্যানেলে আসছে নয়া তিনটি ধারাবাহিক।

আলতা ফড়িং
জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলে শুরু হল নয়া ধারাবাহিক 'আলতা ফড়িং' আর ইতিমধ্যেই দেখা গিয়েছে এই ধারাবাহিকের একাধিক ঝলক। ঘূর্ণিঝরের প্রভাবে গোটা অঞ্চল জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। আর সেখানে জলের তোড়ে ভেসে যায় গোটা গ্রাম। আর ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ আলাদা করে দেয় মা ও মেয়ে কে। এরপর সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তির হাত ধরে বেঁচে থাকার কঠিন লড়াই শুরু করার কাহিনী নিয়েই চলবে এই নয়া ধারাবাহিক। আর সেখানে থাকবে আলতার জীবন সংগ্রাম আর ফড়িংএর জিমন্যাস্টিক। 'শ্রীময়ী' ধারাবাহিকে ছোটুর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন অর্ণব। আর এবার এই সিরিয়ালের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে ফের পর্দায় ফিরতে চলেছেন অর্ণব ব্যানার্জি। পর্দায় এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন নবাগতা খেয়ালী।

পিলু
বাংলার লোক সঙ্গীত এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশ এমনকি আন্তর্জাতিক স্তরেও জায়গা করে নিয়েছে। আর বাংলার সেই লোক সঙ্গীত আর পুরুলিয়ার বিখ্যাত ছৌ-নাচের গল্প নিয়ে শুরু হল নতুন ধারাবাহিক 'পিলু'। কী করে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ফোক সঙ্গীত শিল্পী পিলু? সেটাই এই ধারাবাহিকের গল্পের পটভূমিকা। 'পিলু'র হাত ধরে আবার ছোট পর্দায় ফিরছেন বেশকিছু জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। নয়া ধারাবাহিক 'পিলু' দিয়ে অভিনয় জগতে পা রাখছেন ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী মেঘা দাঁ। মেঘা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। এই ধারাবাহিকে পিলুর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। পিলু ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন 'রিমলি' খ্যাত নায়িকা ইধিকা পাল। প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টায় দেখা যাচ্ছে এই নয়া ধারাবাহিক।

সোনা রোদের গান
আরও একটি নতুন বাংলা সিরিয়াল। আর সেখানেই দেখা যাবে সবার হার্টথ্রব ঋষি কৌশিককে। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক পণপ্রথার বিরুদ্ধে একটি মেয়ের লড়াই এবং রুখে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। প্রধান চরিত্র আনন্দী হিসেবে অভিনয় করছেন টেলি অভিনেত্রী পায়েল দে। এর আগে 'বেহুলা' 'মা দুর্গা' তে মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসা পেয়েছেন পায়েল। 'দেশের মাটি' সিরিয়ালে উজ্জয়ীনীর চরিত্রে তাঁকে শেষ দেখা গিয়েছিল। আর এবার নতুন ধারাবাহিকে ঋষি কৌশিকের বিপরীতে দেখা যেতে চলেছে তাঁকে। মূলত সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই ধারাবাহিক শুরু হল সোমবার থেকে।












Click it and Unblock the Notifications