টানা ৫ সপ্তাহ টিআরপির শীর্ষে ‘পরিণীতা’! কোন জাদুতে সফল এই ধারাবাহিক?
প্রতি সপ্তাহে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নতুন, পুরোনো মিলিয়ে দর্শকের প্রিয় হবে কে তা নিয়ে ধারাবাহিকগুলির মধ্যে চলে জোর রেষারেষি। এরই মধ্যে টানা পাঁচ সপ্তাহ ধরে টিআরপির শীর্ষ স্থান অর্জন করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পরিণীতা'।এই ধারাবাহিকের যাত্রা শুরু হয়েছে কয়েক মাস আগে। কিন্তু তার মধ্যেই জনপ্রিয়তার নিরিখে নতুন নজির গড়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'।
এই ধারাবাহিকে রায়নের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিংহ। এর আগে বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে, বর্তমানে 'পরিণীতা'য় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। ফলে 'পরিণীতা'র এই সাফল্যে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত উদয় প্রতাপ সিংহ। তবে এই সাফল্যের নেপথ্যে 'টিম ওয়ার্ক'কে প্রাধান্য দিয়েছেন অভিনেতা।

'পরিণীতা' ধারাবাহিকে রায়ানের বিপরীতে পারুলের চরিত্রে অভিনয় করছেন ঈশানী চট্টোপাধ্যায়। ছোটপর্দায় এটিই তাঁর প্রথম কাজ। তাই এই সাফল্যে অতন্ত খুশি ঈশানীও। তাঁর কাজের প্রশংসা শোনা যায় তাঁর সহ অভিনেতা উদয় প্রতাপ সিংহের মুখে।
পরপর টানা ৫ সপ্তাহ টিআরপির শীর্ষে থাকা সহজ কথা নয়। এর নেপথ্যে যেমন রয়েছে কলাকুশলীদের পরিশ্রম, তেমনই রয়েছে পরিচালক কৃষ্ণেন্দু বসুর সুন্দর ভাবনা। সবমিলিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের প্রিয় হয়ে উঠতে পেরেছে এই ধারাবাহিক।












Click it and Unblock the Notifications