আশীর্বাদ সারলেন শ্বেতা-রুবেল, সাত পাকে বাঁধা করছেন কবে?
ভরা শীতে বাস্তবিকই যেন প্রেমের মরশুম চলছে! কখনও বিয়ে, কখনও ভালবাসার আদান-প্রদান, আবার কখনও বিয়ের প্রস্তুতি, সব মিলিয়ে জমজমাট ডিসেম্বর। অন্যান্যদের পাশাপাশি সেলেবরাইবা বাদ যান কেন? আর তাই আশীর্বাদ পর্ব সেরেই ফেললেন ছোট পর্দার জনপ্রিয় জুটি। শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল। বড়দিনের মরশুমেই বড় কাজটা সেরে ফেললেন বাংলা টেলি দুনিয়ার এই প্রিয় জুটি।
হাতে আর কয়েকদিন, তারপরে নতুন বছর ২০২৫ কে স্বাগত জানাবে গোটা পৃথিবী। তবে এরই সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছেন শ্বেতা ও রুবেল। আগামী বছর জানুয়ারি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি। আর তার আগে আশীর্বাদ পর্ব সেরে ফেললেন তাঁরা। রবিবার ১৫ই ডিসেম্বর রাতে হয়ে গেল রুবেল ও শ্বেতার আশীর্বাদ। তবে বিরাট ঘটা করে নয়, বরং ছিমছাম ঘরোয়া ভাবেই সম্পন্ন হল এই শুভ কাজ। উপস্থিত ছিলেন শ্বেতা ও রুবেলের পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও কিছু বন্ধুবান্ধব।

আশীর্বাদ উপলক্ষে দুজন সেজে উঠেছিলেন নীল রঙের পোশাকে। ময়ূরকণ্ঠী নীল রঙের বেশ কালারের ওপর সোনালী রঙের বুটা শাড়ি এবং কনট্রাস্ট রানী কালারের ব্লাউজ সঙ্গে মানানসই গয়নায় সেজে উঠেছিলেন শ্বেতা। একই সঙ্গে রং মিলিয়ে নীল রঙের পাঞ্জাবি পড়েছিলেন রুবেল।
ফুল দিয়ে সাজানো আশীর্বাদের স্থল। ধান দূর্বা, শাঁখের আওয়াজে মঙ্গল কার্য সম্পন্ন হল আর সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো নতুন জীবনের প্রথম পদক্ষেপ। এদিকে পোস্টে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুভাকাঙ্ক্ষীরা। ২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব বদলে যায় প্রেমের সম্পর্কে। অবশেষে চার হাত এক হতে যাচ্ছে এই তারকা জুটির।












Click it and Unblock the Notifications