আবার ফিরছেন ছেলেবেলার সুপার হিরো! কবে আসছে 'শক্তিমান এগেইন'? বড় খবর দিলেন মুকেশ খান্না
ধরিত্রী, জল, বায়ু, অগ্নি এবং বিশাল আকাশ এই পাঁচ তত্ত্ব মিলে জন্ম হলো এক মহান মানবের, যার নাম শক্তিমান। ছোটবেলায় সেই ডায়লগ মুখস্ত করেনি এমন খুদে গোটা ভারতে খুঁজলে হয়তো পাওয়া যাবে না। রবিবার মানেই ছুটির দিন, বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া, বিকেলে মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া তো বটেই, এছাড়াও ৯০ এর দশকের শিশুদের কাছে এই দিন টা আরও একটু স্পেশাল ছিল। কারণ রবিবার এলেই দূরদর্শনের পর্দায় দেখা মিলত শক্তিমানের।
১৯৯৭ থেকে ২০০৫, দীর্ঘ প্রায় আট বছর ছোট পর্দায় দাপিয়ে বেরিয়েছেন শক্তিমান। আদ্যপ্রান্ত ভারতীয় এই সুপারহিরো হয়ে উঠেছেন খুদেদের আইকন। আজও যার জনপ্রিয়তা সমানভাবে রয়েছে। কিন্তু সকলের মন খারাপ করে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল এই শো। তবে আজ কেন হঠাৎ শক্তিমান চর্চা?

দীর্ঘ প্রায় ২০ বছর পর আবার পর্দায় ফিরছেন শক্তিমান! সম্পূর্ণ নতুনভাবে নতুন আঙ্গিকে ফেরানো হচ্ছে এই সুপারহিরোকে। তবে শক্তিমান যে ফিরছেন তার গুঞ্জন শোনা গিয়েছিল ২০১৯ সালের প্রথম দিক থেকেই। কিন্তু মাঝে এসে যায় করোনা কাল। তাই একপ্রকার বাধ্য হয়েই আবার বন্ধ হয়ে যায় এই প্রজেক্টের কাজ। কিন্তু এবার সব জল্পনার শেষ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ফিরবেন গঙ্গাধর বিদ্যাধর ময়াধর ওঙ্কার শাস্ত্রী, ওরফে শক্তিমান।
সোমবার আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে দিলেন শক্তিমানের স্রষ্টা অভিনেতা মুকেশ খান্না। এক সাক্ষাৎকারে তিনি জানান, 'অসম্পূর্ণ কর্তব্য সম্পন্ন করতে চলেছি। বর্তমান প্রজন্ম দিনরাত ছুটে চলেছে। যুব সমাজের শান্তি দরকার। কিছুক্ষণ একভাবে বসে থাকলেই জানা যায় আমাদের মধ্যেই গোটা ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। আর সেই চেতনাকেই জাগ্রত করতে চাই।'
শুধু তাই নয় শক্তিমান নিয়ে বড় আপডেটও দিলেন মুকেশ। শক্তিমান এগেইন-এ নিজের কন্ঠে গান গেয়েছেন তিনি। দর্শকদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠার জন্যই এই পদক্ষেপ তিনি নিয়েছেন বলে জানান। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালে ছোটবেলার নস্টালজিয়া নিয়ে আবার ফিরছেন শক্তিমান।












Click it and Unblock the Notifications