মনের কথা বলতে স্টার জলসায় শুরু হল নতুন ধারার রিয়েলিটি শো ‘আপনি কী বলেন’
বরাবরই ছক ভাঙা গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হয় স্টার জলসা। গতানুগতিক চিন্তাধারার বদল ঘটিয়ে একের পর এক ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছে এই চ্যানেল। এবারও তার অন্যথা হল না। স্টার জলসা নিয়ে এল নতুন রিয়েলিটি শো 'আপনি কী বলেন'। বাংলা টেলিভিশনে এইধরণের রিয়েলিটি শো আগে দেখা যায়নি। মনের কথা তুলে ধরা হবে এই শোতে। রোজকার জীবনে ঘটে চলা নানা ঘটনা প্রসঙ্গে সাধারণের মানুষের মনে অনেক কথা জমে থাকে। বিভিন্ন জটিলতার কারণে সেসব মনের কথা কাউকে বলে উঠতে পারেন না আমজনতা। এবার স্টার জলসার নতুন রিয়েলিটি শো 'আপনি কী বলেন'-এর মঞ্চে সেইসব মনের কথা বলার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

আমরা অনেক সময়ই অপর একজনের সম্পর্কে অনেককিছু ভেবে নিই। কিন্তু পরবর্তীতে দেখা যায়, যে অপরজনের সম্পর্কে আমরা যা ভেবেছি তা সম্পূর্ণ আমাদের ভুল ভাবনা। তখন নিজের কাছেই নিজে দোষী হয়ে যাই। এর প্রধান কারণ হল আমরা কেউই মনের কথাগুলো সেভাবে প্রকাশ করতে পারি না বা প্রকাশ করার সুযোগ পাই না। বাংলা টেলিভিশন এই প্রথম কোনও রিয়েলিটি শো-এর মঞ্চ জনসাধারণকে নিজের মনের কথা বলার সুযোগ করে দিচ্ছে।
'আপনি কী বলেন' রিয়েলিটি শোয়ের সঞ্চালক দেবশংকর হালদার এ প্রসঙ্গে বলেন, "আমরা সকলেই সবসময় অন্যের কথা বলি। নিজের কথা আর বলা হয়ে ওঠে না। স্কুল জীবনে বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই পাঠ্যবই, সিলেবাসের কথা বলে। সংসারও চলে সংসারের নিয়মে। সেখানেও কারোর মনের কথা বলা হয়ে ওঠে না। তবে এবার এই 'আপনি কী বলেন' এর মঞ্চে সকলে নিজেদের মনের কথা খুলে বলতে পারবেন। এই শোতে ঝুঁকি অবশ্যই রয়েছে। মানুষের কতটা ভালো লাগবে জানা নেই, তবে দর্শককূল এই শো নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত।"
সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে, দৈনন্দিন জীবনের নানা সমস্যা নিয়ে মন খুলে কথা বলার জন্যই এই প্ল্যাটফর্ম নিয়ে আসছে স্টার জলসা। যাঁদের জীবনের সমস্যা নিয়ে কথোপকথন হবে, তাঁরাও উপস্থিত থাকবেন এই মঞ্চে। সাধারণ মানুষের মনের কথা তুলে ধরতে আগামী ১৬ এপ্রিল থেকে প্রতি শনি ও রবিবার দুপর ২ টোয় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে রিয়েলিটি শো 'আপনি কী বলেন'।












Click it and Unblock the Notifications