শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা?
হঠাৎ করেই দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছে বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্ট। এখানেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বড় হয়ে উঠেছিলেন। পাড়ার সবার কাছে তিনি 'বাবিন' নামেই পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গত রবিবার রাত থেকেই রাহুলের বাড়িতে আত্মীয় থেকে বন্ধুরা ভিড় জমাতে শুরু করেন। প্রথমে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা। তারপর একে একে সেখানে বহু পরিচিত মুখ আসেন। দেবলীনা দত্ত থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ, সৌরভ দাস, গৌরব চক্রবর্তী, অনেকেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত ছিলেন। সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাহুলের মা। ছেলের মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। বারবার তিনি 'বাবিন'-কে খুঁজছেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ দেওয়া হলেও ঘুম, খাওয়া কিছুই ঠিক মতো হচ্ছে না তাঁর। জানা গিয়েছে যে, বিদেশে থাকা রাহুলের দাদা আগামীকাল (বুধবার) শহরে ফিরবেন।
অন্যদিকে আবার, রাহুলের ১৩ বছরের ছেলে সহজ একদমই চুপ হয়ে গিয়েছে। কারও সঙ্গে কোনও কথা বলছে না সে। এরকম কঠিন পরিস্থিতিতে প্রিয়াঙ্কাই পুরো দায়িত্ব সামলাচ্ছেন।
গতকাল (সোমবার) রাহুলের মরদেহ তমলুক থেকে কলকাতায় আনা হয়। পরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানেই ছোট্ট সহজ বাবার মুখাগ্নি করে। পরিবারের এরকম গভীর শোকের মুহূর্তে সবাই স্তব্ধ।












Click it and Unblock the Notifications