চলছে চিত্রনাট্যের কাজ, কবে থেকে ফের শুরু হবে গোয়েন্দা গিন্নি?
চলছে চিত্রনাট্যের কাজ, কবে থেকে ফের শুরু হবে গোয়েন্দা গিন্নি?
বাংলা আর বাঙালি মাত্রই সকলে গোয়েন্দা গল্প, উপন্যাসের মহাবড় ভক্ত। ফেলুদা, ব্যোমকেশ, ঋজু দা, কাকাবাবু এঁদের একে অপরের সঙ্গেই হাড্ডাহাড্ডি টক্কর। সেক্ষেত্রে যেন কোথাও না কোথাও ব্রাত্য মহিলারা। তবে গোয়েন্দাগিরিতে যে শার্লক হোমসের থেকে কোনও অংশে কম জাননা মহিলারা, তা বোঝা যায় আগাথা ক্রিস্টিনের গল্পগুলো থেকেই। তবে বাংলা বরাবরই বঞ্চিত মহিলা গোয়েন্দা কাহিনী থেকে। তাই তাঁদের কথা মাথায় রেখে বছর কয়েক আগে ছোট পর্দায় আবির্ভূত হয়েছিলেন গোয়েন্দা গিন্নি। আর সুপারহিট হয়েছিল সেই ধারাবাহিক।

ফিরছেন গোয়েন্দা গিন্নি
বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো চলছিল। পাশাপাশি দর্শকদের চাহিদাও ছিল আকাশছোঁয়া। আর তাই সব কথা মাথায় রেখে আবার গোয়েন্দা গিন্নিকে ফিরিয়ে আনতে চলেছেন মেকাররা, তা অনেকটাই নিশ্চিত করেছেন 'জি-বাংলা' চ্যানেল কর্তৃপক্ষ। আর এবার নাকি নতুন প্লট আর গল্প লেখার কাজও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লেখাও এগিয়েছে বেশ কিছুটা, এমনটাই খবর শোনা যাচ্ছে টেলিপাড়ায় কান পাতলেই। দ্বিতীয় মরশুমের চিত্রনাট্য সাহানার হাতে লেখা হবে বলে খবর।

রহস্যভেদে পরমা
গোয়েন্দা গিন্নি সিরিয়াল মূলত আবর্তিত হয়েছে পরমা মিত্রকে ঘিরে। যিনি স্বামী সন্তান পরিবার নিয়ে ঘোর সংসারী। কিন্তু হঠাতই তাঁর জীবন বদলে যায় তাঁদের বাড়ির ঠাকুরের একটি মুকুট চুরিকে কেন্দ্র করে। আর সাদামাটা ঘরোয়া পরমা হয়ে ওঠেন এক মস্ত গোয়েন্দা। এই কাহিনী এখনও পর্যন্ত অন্যতম সেরা ধারাবাহিক বলেই বিবেচিত হয়েছে বাংলায়। আর আবার পরমা যদি রহস্যভেদের ময়দানে ফিরে আসেন তাহলে তা নিয়ে বিশাল খুশি হবেন দর্শকরা, তা বলা বাহুল্য।

গোয়েন্দা গিন্নি ইন্দ্রানী হালদার
বাংলার এই গিন্নি গোয়ন্দার চরিত্রে যে একজন জাঁদরেল অভিনেত্রীকেই কাস্টিং করা করা হবে তা নিশ্চিত ছিল। আর এই ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন রাজ্যের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। আর সম্প্রতি পরমা মিত্র আবার পর্দায় ফিরবেন কিনা তা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পরমা যদি আবার গোয়েন্দা হয়ে ফেরে তাহলে তা হবে একদম গ্রান্ড এন্ট্রি।

কবে আসবে গোয়েন্দা গিন্নি?
বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গোয়েন্দা গিন্নির দ্বিতীয় মরশুম কবে থেকে শুরু হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে সবকিছু ঠিক থাকলে হয়ত পুজোর আগেই ফের পর্দায় রহস্য ভেদ করতে আসতে পারে গোয়েন্দা গিন্নি। আর বেশকিছু সিরিয়াল আর কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও খবর। তাই স্লটের দিক থেকে বলতে গেলে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার প্রাইম টাইমেই আসতে পারে গোয়েন্দা গিন্নি, এমনটাই মনে করছেন সকলে।












Click it and Unblock the Notifications