সারা জীবনের অটুট বন্ধন 'গাঁটছড়া', আসছে নতুন ধারাবাহিক
সারা জীবনের অটুট বন্ধন 'গাঁটছড়া', আসছে নতুন ধারাবাহিক
প্রথম আলাপ, প্রেম পরিণয়, এই হল প্রতিটা মানুষের জীবনসঙ্গীর সঙ্গে তার নতুন সম্পর্কের অধ্যায়। আর প্রিয় মানুষকে সারা জীবনের মত নিজের করে পেতে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়াই চিরন্তন নিয়ম। বিয়ের প্রতিটি নিয়মে কোনও না কোনও শাস্ত্র লুকিয়ে আছে। তারই মধ্যেই অন্যতম গাঁটছড়া। ছাদনাতলায় বরের জোড়ের সঙ্গে বউয়ের আঁচল বেঁধে দেওয়াকে বলা হয় গাঁটছড়া। যা সাতজন্মের অটুট বন্ধন হয়ে থেকে যায়। আর এবার এই নাম নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া।'
সিরিয়াল জগতে 'গাঁটছড়া'
১৯ ডিসেম্বর অর্থাৎ রবিবার শেষ হচ্ছে বাংলা টেলিভিশন জগতের আলাদা ট্রেন্ড সেটার ডেইলি সোপ 'শ্রীময়ী' আর যা নিয়ে কয়েকদিন ধরেই মনমরা দর্শককুল। বিশেষত রোহিত সেনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না কোনও দর্শকই। আর দেখা যাবেনা শ্রীময়ী ও জুন আন্টির বিবাদ। তাই এবার সবার মন ভালো করতে আসছে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। তিন ভাই বোনের তিনটি জুটির গল্প বলবে এই নয়া ধারাবাহিক।
গল্পের পটভূমি
মূলত গল্প আবর্তিত হতে চলেছে ভট্টাচার্য পরিবারের তিন বোনের সঙ্গে সিংহরায় বাড়ির তিন ছেলের সম্পর্ক নিয়ে। ভট্টাচার্য পরিবারের মেজ মেয়ে খড়ি চায় বাংলার শরা চিত্র গোটা দেশে বিখ্যাত করতে। আর সেই সূত্রেই সিংহরায় বাড়ি যায় সে। কিন্তু নিয়তি অন্যকিছু লিখে রেখেছে তার জন্য। কারণ সেখানে তার সঙ্গে প্রথম দেখা হয় ঋদ্ধিমানের। এবার তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা জানাবে এই ধারাবাহিক। সেই সঙ্গে ঋদ্ধিমানের আরও দুই ভাই ও খড়ির অন্য দুই বোন কিকরে সম্পর্কের মায়াজালে জড়িয়ে যাবে তা নিয়েই এগিয়ে চলবে ধারাবাহিকের এপিসোড।
ফিরছেন একগুচ্ছ তারকা
এই নতুন সিরিয়াল 'গাঁটছড়া'র মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। প্রথমা কাদম্বিনীর পর আবার ছোট পর্দায় ফিরছেন তিনি। খড়ির চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর বিপরীতে সিংহরায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমানের চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। মেজ ভাই রাহুলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ছোটভাই কুনালের চরিত্রে দেখা যাবে রিয়াজ লস্করকে।
আবার পর্দায় গৌরব-শোলাঙ্কি
'গাঁটছড়া' সিরিয়াল দিয়ে আবার জুটি বাঁধতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়। এর আগে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের প্রযোজিত এবং অরিত্র রায়ের পরিচালিত ছবি 'বাবা বেবি ও'তে একসঙ্গে কাজ করেছেন দুজন। এই জুটির কেমিস্ট্রি এবার ছোট পর্দায় দর্শক কতটা পছন্দ করেন সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications