দশ বছর বয়স থেকে সংসার সামলাচ্ছেন! দিদি নম্বর ওয়ানে অভিজ্ঞতা ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা
দিদি নম্বর ১-এর মঞ্চে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী! প্রথমবার বাংলায় কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ওয়ানের মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলায় মাতলেন বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। বাজালেন ধামসা। ভাগ করে নিলেন তাঁর ছোটবেলার কথা। আর কয়েক ঘন্টার অপেক্ষা।
রবিবারই সম্প্রচারিত হতে চলেছে দিদি নম্বর ওয়ানের এই বিশেষ পর্ব। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই পর্বের প্রোমো। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দর্শক মহলে। প্রকাশ্যে আসা সেই প্রোমোর ভিডিয়োতে দেখা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে প্রবেশ করতেই তাঁকে দিদি নম্বর ওয়ানের উত্তরীয় পরিয়ে দিতে যান সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উল্টে সেই উত্তরীয়ই সঞ্চালক রচনার গলায় পরিয়ে দেন 'বাংলার দিদি'৷ তারপর নাচের তালে পা মেলানো থেকে রুটি বেলা, সব খেলাতেই দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

দিদি নম্বর ওয়ানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করায় এই শোয়ের নামটা একথায় সার্থক হয়েছে বলে জানান সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার দিদির সঙ্গে গল্প করে খুবই খুশি অভিনেত্রী।
এই বিশেষ পর্বের অতিথি প্রতিযোগী হিসাবে উপস্থিত হন স্বনামধন্য সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। দিদি নম্বর ওয়ানের এই পর্বে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যও দেখার সুযোগ মিলবে দর্শকদের।
এছাড়াও এই শোয়ে অতিথি হিসেবে হাজির থাকবেন ইন্দ্রনীল সেন এবং রূপঙ্কর বাগচিও। দেখা যাবে অদিতি মুন্সী, রথীজিৎ ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্যের মতো সঙ্গীত শিল্পীদেরও। নাচ, গান, খেলা, আড্ডা সব মিলিয়ে জমজমাট হতে চলেছে দিদি নম্বর ওয়ানের এই বিশেষ পর্ব। রবিবার রাত ৮ টায় দর্শকরা দেখতে পাবেন এই বিশেষ অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications