ওটিটি বিজয়ী দিব্যা আগরওয়াল কি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশ করতে চলেছেন বিগ বসের বাড়িতে?
দিব্যা আগরওয়াল কি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশ করতে চলেছেন বিগ বসের বাড়িতে
বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নতুন নয়। প্রত্যেক সিজনেই বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড সদস্য প্রবেশ করেন। এ বছরের বিগ বস সিজনেও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বিগ বস ১৫–এর বাড়িতে ওয়াইল্ড কার্ডে প্রবেশ করেছেন রাজীব আদাতিয়া। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে দিওয়ালি এই সপ্তাহে বিগ বসের বাড়িতে আরও কয়েকজন প্রবেশ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে নেহা বাসিন, রাকেশ বাপত ও দিব্যা আগরওয়ালের নাম ঘুরে বেড়াচ্ছে। এঁরা তিনজনই করণ জোহল সঞ্চালিত বিগ বস ওটিটির বাড়ির সদস্য ছিলেন এবং দিব্যা আগরওয়াল বিগ বস ওটিটির বিজয়ীও বটে।

বিগ বস ওটিটি শুরু হওয়ার সময়ই শোনা গিয়েছিল যে এই শোয়ের যে বিজয়ী হবেন তিনি সরাসরি বিগ বস ১৫–তে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু বিগ বস ১৫ শুরু হওয়ার পর দেখা গেল যে বিগ বস ওটিটির সদস্য শমিতা শেট্টি, নিশান্ত ভাট ও প্রতীক সহেজপালই সদস্য হিসাবে এই রিয়্যালিটি শোতে প্রবেশ করেন। দিব্যা আগরওয়াল সম্প্রতি এক সাক্ষাতকারে জানিয়েছেন যে তিনি সলমন খান পরিচালিত বিগ বস ১৫–তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে প্রবেশ করছেন না। দিব্যা বলেন, 'আমির ট্রফি জেতার জন্য যাব না, মানে আমি জানি না। আমি তো ইতিমধ্যে ট্রফি জিতে নিয়েছি। আমি ওটিটিতে গিয়েছিলাম, আমি সেখানে ট্রফি জিতেছি, আর সেই সফর, সেই শো, সেই ট্রফি অনেক বিশেষ আমার কাছে। তাই আমার অন্য একটি ট্রফির পেছনে দৌড়ানো মোটেও ভালো নয়।’ দিব্যা এও বলেন, 'আমি ভুটের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি, এটা আমার পরিবারের মতো এবং আমি সেটা ভাঙতে চাই না। কিন্তু একজন অতিথি হিসাবে, দর্শকদের বা সদস্যদের সঙ্গে কথা বলার জন্য আমি বিগ বস ১৫–এ যেতে রাজি আছি। কিন্তু অন্তত এই বছরে ট্রফির জন্য আবার বিগ বসে যাব না।’ দিব্যা জানিয়েছেন যে তিনি রীতিমতো বিগ বস ১৫–এর শো নিয়মিত দেখেন।
দিব্যা আগরওয়ালের পাশাপাশি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বাড়িতে প্রবেশ করতে পারেন করণ কুন্দ্রার প্রাক্তন প্রেমিকা অনুশা দাণ্ডেকর। সম্প্রতি করণ তাঁর সম্পর্ক ভাঙা নিয়ে বিগ বসের বাড়িতে মুখ খুলেছেন। যার জবাব সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অনুশা। প্রসঙ্গত, করণ ও অনুশার সম্পর্ক ভাঙা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছিল। তাঁদের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তাই বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এনুশা প্রবেশ করলে পুরো খেলাটাই বদলে যাবে।












Click it and Unblock the Notifications