Nusrat Jahan Controversy: পার্ক স্ট্রিট-কাণ্ড থেকে কোটি টাকার প্রতারণা! বিতর্কের অপর নাম নুসরত
Tollywood Actress Nusrat Jahan Controversy: সম্পর্ক, বিয়ে, ব্যক্তিজীবন, রাজনীতি, সব ক্ষেত্রেই বিতর্ক যেন তাঁর সমান্তরালে চলে। কারণ তিনি হলেন নুসরত জাহান। ফিল্মি কেরিয়ারের শুরু থেকেই একের পর এক নানা রকম বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। এরপর জোরদার চর্চায় আসেন ২০১৯ সাল থেকে।
এই বছরই লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটে লড়া, সেখানে প্রচারে গিয়ে ছাগল ছানাকে আদর করার ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয় জোরদার চর্চা।

এরপর ভোট জিতে লোকসভায় শপথ গ্রহণ থেকে দুর্গাপুজোয় ঢাক বাজানো, একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। তবে সবকিছুই তুঙ্গে ওঠে নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে। এই সন্তান তাঁর নয় বলে দাবি করে এককথায় বোমা ফাটিয়েছিলেন স্বামী নিখিল জৈন। এমনকি নিখিলের সঙ্গে নাকি আদৌ নুসরতের বিয়েই হয়নি বলেও দাবি ওঠে অভিনেত্রীর পক্ষ থেকে।
যা নিয়ে রীতিমত তোলপাড় হয় বাংলার বিনোদন জগৎ। নুসরতের সন্তান কার? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ থেকে রহস্য সন্ধানে কার্যত গোয়েন্দার ভূমিকায় নেমে পড়ে পাপারাজ্জিরা। অবশেষে রহস্য ভেদ করে জানা যায় অভিনেতা যশ দাসগুপ্তই আসলে নুসরতের সন্তানের বাবা।
তবে এতদিন বেশ ঠিকই চলছিল। কিন্তু আবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী সাংসদ। ফের নতুন বিতর্কে নাম জড়াল নুসরত জাহানের! তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠল ৷ ফ্ল্যাট ও বাড়ি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণায় নাম জড়াল তাঁর। প্রায় ২৪ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল ইডির দফতরে। একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
উল্লেখ্য, নুসরতের বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রতারিতদের সঙ্গে নিয়ে ইডি-র দফতরে যান বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তাঁদের অভিযোগ কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন অনেক গ্রাহক।
কিন্তু ফ্ল্যাট হাতে পাননি তাঁরা। এদিকে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে, তছরুপের টাকা খেয়েই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরত! আর তাতেই আরও একবার সপ্তমে বিতর্ক। তবে এ বিষয়ে তেমন একটা মুখ খোলেননি নুসরত।
এই মুহূর্তে ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। তবে এবার ইডির হাত অভিনেত্রী সাংসদ পর্যন্ত যায় নাকি সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications