দুই পরিবারের শত্রুতা নিয়ে শুরু ‘এক্কা দোক্কা’, সিরিয়ালে দেখা যাবে সপ্তর্ষী–সোনামণির নতুন জুটি
দুই পরিবারের শত্রুতা নিয়ে শুরু ‘এক্কা দোক্কা’, সিরিয়ালে দেখা যাবে সপ্তর্ষী–সোনামণির নতুন জুটি
লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন গল্প নিয়ে স্টার জলসায় সোমবার থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'এক্কা দোক্কা।' আর এই নতুন সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন পাবে নতুন এক জুটি সপ্তর্ষি ও সোনামণিকে। দুই হবু ডাক্তারের সাফল্যের রেষারেষি কোন দিকে গড়াবে- তারই গল্প বলবে 'এক্কা দোক্কা'

নতুন সিরিয়াল শুরু
স্টার জলসায় 'শ্রীময়ী' ধারাবাহিকে এর আগেও নজর কেড়েছিলেন নান্দীকার থিয়েটার গোষ্ঠীর অন্যতম স্তম্ভ সপ্তর্ষি ওরফে ডিঙ্কা। আর তাঁর বিপরীতে অভিনয় করবেন সোনামণি, যিনি 'মোহর' ধারাবাহিকের নামভূমিকায় তুমুল জনপ্রিয় হয়েছিলেন। এই ধারাবাহিক নিয়ে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় বলেন, 'আমাদের জীবন থেকে প্রেম হারিয়ে যেতে বসেছে, তাই নতুন প্রজন্ম রাধিকা আর পোখরাজকে দেখে আবার প্রেমে আস্থা ফিরুক এমনটাই চাই।' কিছুদিন ধরেই স্টার জলসা চ্যানেলে এই ধারাবাহিকের প্রোমো চলছে, আর যা দেখে বোঝা গিয়েছে যে রাধিকা ও পোখরাজের পরিবারের শত্রুতা বহুদিনের। বংশপরম্পরায় যা রাধিকা ও পোখরাজের মধ্যেও জন্ম নিয়েছে। আর তা পরবর্তীকালে প্রেমের সূত্রপাত যে করাবে এই জুটির মধ্যে তা বলাই বাহুল্য।

নতুন জুটিকে শিখতে হয়েছে টেনিস–ডাক্তারি
এই ধারাবাহিকের নায়ক পোখরাজ টেনিস খেলেন। আর সেই জন্য সপ্তর্ষিকেও রপ্ত করতে হয়েছে টেনিস খেলা। অন্যদিকে সোনামণি শিখেছেন ডাক্তারি। ডাক্তারির পরিভাষা, ওষুধের অআকখ শেখার অভ্যাস করার চেষ্টা করছি। ডাক্তারিতে হাতেখড়ি হচ্ছে বলা যায়। হাতেকলমেও শিখতে হবে কি না, সেটা সময় বলবে। আমিও জানি না।' জানিয়েছেন রাধিকা ওরফে সোনামণি। তবে কিসের বিশেষজ্ঞ হতে চলেছেন পরবর্তীকালে? সোনামণি হেসে সেই প্রশ্নের জবাবে বলেন, 'হৃদয়ের।'

নতুন জুটি সোনমণি–সপ্তর্ষী
এই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগত পেতে চলেছে পোখরাজ-রাধিকার নতুন জুটি। যা দর্শকদের ভালো লাগবে বলেই যথেষ্ট আশাবাদী সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রত্যেকে। প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর কর্তা শৈবাল বন্দ্যোপাধ্যায়ও চান পোখরাজ আর রাধিকার পর্দার প্রেম হয়ে উঠুক বাস্তবের চর্চার কেন্দ্রবিন্দু। তবে সোনামণি জানিয়েছেন যদি কোনও গুজব রটে তাহলে বুঝতে হবে তাঁদের জুটি দর্শকের খুব মনের কাছে চলে গিয়েছে আর তাই তাঁরা পোখরাজ ও রাধিকাকে নিয়েও বাস্তবে কল্পনা করে বসেছেন।

সোমবার থেকে রাত ন’টায় সম্প্রচার
ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচারিত হবে ১৮ জুলাই অর্থাৎ সোমবার থেকে। ঝলক দেখে গল্পটাও এত দিনে অনেকেরই জানা। পুরনো অশান্তি ঘিরে সেন আর মজুমদার পরিবারের রেষারেষির জের পোহাতে হচ্ছে তাঁদের নতুন প্রজন্মকেও। আগামীকাল থেকে সোম থেকে রবি রাত ন'টায় দেখতে পাবেন 'এক্কা দোক্কা।' তবে এই নতুন ধারাবাহিকের জন্য স্লট বদল করে রাত দশটায় চলে গিয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।












Click it and Unblock the Notifications