এ বছর বিগ বস নাকি নিজেই প্রতিযোগী! সামনে এল সিজন ১৬–এর প্রোমো
টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত শো বিগ বস ১৬ শীঘ্রই আসতে চলেছে। সলমন খান সঞ্চালিত এই শোয়ে প্রতি বছরই আলাদা আলাদা মনোরঞ্জনের রসদ থাকে। বিগ বস নির্মাতারা এই শোয়ের ১৬ তম সিজনের বহু-প্রতীক্ষিত প্রোমো সামনে এনেছে। এই প্রোমো শেয়ার করে বিগ বস নির্মাতারা লিখেছেন, 'এই ১৫ বছরে সকলে নিজের নিজের খেলা খেলেছে, কিন্তু এবার সময় এসেছে বিগ বসের নিজের খেলার।' কার্লাসে খুব শীঘ্রই বিগ বস ১৬ শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে সলমন খানকেও, অভিনেতা নিজেও বলছেন, 'এইবার বিগ বস নিজে খেলবে।'

শোনা যাচ্ছে যে এই বছর বিগ বসের থিম হতে চলেছে অ্যাকুয়াটিক। বিগ বসের প্রতিযোগী এ বছর কারা হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে বিশ্বস্ত সূত্রের খবর এ বছর বিগ বসে আসতে পারেন শিল্পা শেট্টি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা, মুনাওয়ার ফারুকি, কণিকা মান, আমির খানের ভাই ফয়জল খান, টুইঙ্কল কাপুর, শিবিন নারাঙ্গ, ভিভিয়ান ডসেনা, অর্জুন বিজলানি ও ফর্মানি নাজ। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে বিগ বসে আসতে পারেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। নির্মাতাদের সঙ্গে অভিনেত্রীর টাকা-পয়সা নিয়ে কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে। তবে কারা কারা প্রতিযোগী হচ্ছেন এ নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
অন্যদিকে আমির খানের ভাই ফয়জল খান বলিউডের কিছু সিনেমা করেছেন। তবে ফয়জল জানিয়েছেন যে তিনি ভারতীয় টেলিভিশন থেকে বিগ বসের পাশাপাশি আরও একটি শো করার প্রস্তাব পেয়েছেন। তবে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন যে তিনি বিগ বসের শো করবেন না। বিতর্কিত টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানকেও এই শোয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি এ বিষয়ে মুখ খোলেননি। এর পাশাপাশি সুস্মিতা সেনের ভাই রাজীব ও তাঁর স্ত্রী চারুকেও এই শোয়ে আসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যে সময় তাঁদের বিচ্ছেদ হওয়ার কথা চলছিল। যদিও এই দম্পতির মধ্যেকার সমস্যা মিটে গিয়েছে এবং তাঁরা পরিবারকে সময় দিচ্ছেন। বিগ বসের আগের সিজনের বিজয়ী ছিলেন তেজস্বী প্রকাশ। প্রতীক সহেজপাল ও করণ কুন্দ্রা দ্বিতীয় ও তৃতীয় রানার্স আপ ছিলেন।












Click it and Unblock the Notifications