শঙ্খের কথায় বারংবার মন গলছে মোহরের, স্টার জলসার ‘মোহর’ ধারাবাহিক দর্শকদের প্রশ্নের মুখে
স্টার জলসার ‘মোহর’ ধারাবাহিক দর্শকদের প্রশ্নের মুখে
স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের 'মোহর’ ধারাবাহিক বেশ জনপ্রিয়। কিন্তু সম্প্রতি এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আসলে পরকীয়া, স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আগমনে, সেই নিয়ে সম্পর্কে টানাপোড়েন, বাংলা ধারাবাহিকে আকছার এমন ঘটতেই থাকে। তবে স্টার জলসার ধারাবাহিক 'মোহর’–এ ঘুরেফিরে বারবার একই প্রসঙ্গে উঠে আসে, তা হলো শঙ্খের জীবনে নতুন নারীর আগমন। প্রায় প্রত্যেক মাসেই শঙ্খ এবং মোহরের মাঝখানে হাজির হচ্ছেন নতুন নতুন নারী চরিত্র। যাকে কেন্দ্র করে মোহদীপের মাঝে সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে বারবার। মোহদীপ জুটির ভক্তদের কাছে যা একেবারেই না পসন্দ।

শুধু তাই নয়, ধারাবাহিকে বারবার একই ধরনের বিষয়বস্তু চলে আসায় বিরক্ত হচ্ছেন দর্শকরা। শঙ্খের জীবনে বারবার আলাদা আলাদা নারীর আগমন কেন হবে? কেনই বা বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হবে মোহদীপের সম্পর্ককে? প্রত্যেকবার নিত্যনতুন নারীর আগমন ঘটছে শঙ্খ স্যারের জীবনে। প্রতিবার মোহরের সঙ্গে শঙ্খের সম্পর্ক তলানিতে এসে ঠেকছে। আর তারপরই মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে সব মিটমাট করে নিচ্ছে শঙ্খ! এভাবে লেখিকা লীনা গাঙ্গুলী কার্যত বারবার মেয়েদেরই অপমান করছেন বলে দাবি তুলছেন দর্শকদের একাংশ।
দর্শকরা একই ধরনের গল্প দেখতে দেখতে বিরক্ত বোধ করছেন। গল্প যেন আর এগোচ্ছেই না। জনপ্রিয়তা হারাতে হারাতে প্রাইম টাইম থেকে সরে দুপুরের স্লটে এসে পৌঁছেছে মোহর। তবুও মোহরের ভক্তরা সমর্থন জানিয়ে আসছেন প্রথম থেকেই। কিন্তু মোহরের প্রতি বারবার অন্যায় হতে দেখে তারাও বিরক্ত বোধ করছেন। প্রশ্ন উঠছে শঙ্খের চরিত্র নিয়ে। মোহর থেকে শুরু করে শ্রেষ্ঠা, অনুলেখা, অরুন্ধতীরা তো ছিলই। তালিকায় সর্বশেষ সংযোজন ঊর্মি। তবে সকলকে ছাপিয়ে গিয়েছে ঊর্মি।
ঊর্মির বাড়িতে রাতের পর রাত কাটিয়েছে শঙ্খ। ঊর্মিকে কেন্দ্র করে মোহদীপ জুটি ফের একবার তলানিতে এসে পৌঁছেছে। গল্পের প্লট অনুসারে শঙ্খকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহর। সে স্কুলে চাকরি পেয়ে গিয়েছে। শঙ্খকে ছেড়ে দিয়ে চাকরি করতে এবার দূরে চলে যেতে চাইছে মোহর। যাওয়ার আগে শেষবারের মতো শঙ্খের বাবা–মার সঙ্গে দেখা করতে আসে মোহর। তবে প্রত্যেক বারের মতো এবারেও মোহরকে একা পেয়ে তাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে নেয় শঙ্খ। শঙ্খ বারংবার ভুল করা সত্ত্বেও কেন মোহর ক্ষমা করে দিচ্ছে তা নিয়েই প্রশ্নের মুখে ধারাবাহিকের নির্মাতারা।












Click it and Unblock the Notifications