শনিবার রাতে ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট, অত্যন্ত আশঙ্কাজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে। শনিবার রাতে একাধিকবার মাইল্ড হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী জানানো হয় হাসপাতাল সূত্র থেকে। তৎক্ষণাত তাঁকে সিআরপি সহ অন্যান্য চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয়েছে অভিনেত্রী এখনও ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

হাওড়ার বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, শনিবার রাতে ঐন্দ্রিলা ১০ বার মাইল্ড হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা সবরকম চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রীকে বাঁচিয়ে রাখার। জানা গিয়েছে, ঐন্দ্রিলাকে রিভাইভ করা সম্ভব হলেও তাঁর অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসকরা সবসময়ই তাঁর কাছাকাছি রয়েছেন। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কোমায় চলে যান অভিনেত্রী। মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে যায়। অস্ত্রোপচার করা হলেও এখনও ঘুম ভাঙেনি অভিনেত্রীর। কয়েকদিন আগেই ঐন্দ্রিলা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরপর ফের শনিবার রাতে একাধিকবার তাঁর মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
চিকিৎসকরা জানিয়েছেন এখনও পুরোপুরি ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেও অভিনেত্রীর শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হলেও তা আশার আলো দেখাতে পারেনি। চিকিৎসকদের মতে, ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে অভিনেত্রীকে। প্রসঙ্গত, শুক্রবার রাতে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচীর ফেসবুক পোস্ট থেকে অভিনেত্রীর সুস্থ হয়ে ওঠার আভাস পাওয়া যায়। কিন্তু আচমকাই শনিবার রাতে সব্যসাচী তাঁর সব ফেসবুক পোস্ট মুছে দেন। এরপর থেকেই ঐন্দ্রিলাকে নিয়ে আশঙ্কা ক্রমেই দানা বাধতে শুরু করে।
প্রসঙ্গত, এর আগেও ২০১৫ সালে অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময় দিল্লিতে গিয়ে চিকিৎসা করান তিনি। ক্যানসারকে জয় করে ফিরে আসেন এবং শুরু করেন টেলিভিশন জগতে কাজ। একাধিক হিট মেগায় তিনি অভিনয় করেছিলেন। একইসঙ্গে তিনি ছিলেন নৃত্যশিল্পী। কিন্তু ফের বিপত্তি ঘটে, ২০২১ সালে তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে। আরও একবার লড়াই শুরু করেন তিনি। তবে পাশে পেয়েছিলেন বন্ধু সব্যসাচীকে। কিন্তু, ব্রেন স্ট্রোকের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এই মুহূর্তে ঐন্দ্রিলা শর্মার আরোগ্য কামনায় গোটা বাংলা সহ টলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রি।












Click it and Unblock the Notifications