বড়পর্দায় কামাল করার পর ফের সিরিয়ালে ফিরছেন জিতু কমল, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
বিনোদনের দুনিয়ায় ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে ব্যাপক সাফল্য অর্জনের ঘটনা নতুন কিছু নয়। বলিউডের শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত থেকে টলিউডে যিশু সেনগুপ্ত, তাবড় তারকারা রয়েছেন সেই তালিকায়। আবার অনেক সময় দেখা গিয়েছে বড় পর্দায় সফল অভিনেতা বা অভিনেত্রীরা নির্দ্বিধায় কাজ করেছেন ছোট পর্দাতেও।
টলিউড ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এমন রয়েছেন যাঁরা ছোট পর্দায় সফল হওয়ার পর বড় পর্দায় সাবলীল ভাবে কাজ করেছেন। তবে একই সঙ্গে পুনরায় সিরিয়ালে কাজ করতেও দ্বিধা বোধ করেননি। তেমনই একজন তারকা হলেন জিতু কমল। ছোট পর্দা থেকেই উত্থান হয়েছিল তাঁর। মিলন তিথি, রাগে অনুরাগে ইত্যাদি একাধিক হিট ধারাবাহিকে কাজ করেছেন জিতু। এরপর পরিচালক অনিক দত্তের হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই রেকর্ড করেছেন তিনি। যেমন তেমন চরিত্র নয়, সেলুলয়েডের সম্রাট স্বয়ং সত্যজিৎ রায়ের চরিত্রকে পর্দায় অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন জিতু। বাস্তবেই হয়ে উঠেছেন অপরাজিত।

ছবি সৌজন্য- জিতু কমল/ফেসবুক
তবে এবার শোনা যাচ্ছে, ফের তিনি অভিনয় করতে চলেছেন সিরিয়ালে। আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন জিতু কমল। এবার নাকি এমন এক নায়িকার বিপরীতে তাঁকে দেখা যাবে যিনি নিজেও ছোট পর্দায় সুপার হিট হওয়ার পর বড়পর্দায় কাজ করেছেন। অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের বিপরীতে দেখা যেতে চলেছে জিতুকে। অবাক হচ্ছেন? না তেমন কোনও কারণ নেই। সূত্রের খবর সবকিছু ঠিক থাকলে জি বাংলার আসন্ন সিরিয়াল 'তোমাকে ভালোবেসে' অবশেষে পেল নায়ক। এই ধারাবাহিকেই প্রধান চরিত্রে ফের সিরিয়ালে ফিরলেন দিতিপ্রিয়া। এবার তাঁর বিপরীতেই ধরা দেবেন জিতু।
উল্লেখ্য, সম্প্রতি সামনে এসেছে সিরিয়ালের প্রোমো। সেখানে দিতিপ্রিয়াকে দেখা গেলেও নায়কের মুখ এখনও দেখানো হয়নি। প্রথমে ঠিক ছিল এই সিরিয়ালে অভিনয় করবেন রাহুল মজুমদার। কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ায় সম্প্রতি এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এরপরেই নাকি জিতুকে ফাইনালাইজ করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications