কানের কাছেই কেন ঘুরপাক খায় মশা? জেনে নিন কিছু মজাদার তথ্য
মশা নিয়ে মজাদার তথ্য
কাজ নেই কর্ম নেই, দিন রাত কানের কাছে ভোঁ-ভোঁ, আর বেশি বাড়াবাড়ি করলে এক চড়তে ঠাণ্ডা! দুপুরের ভাত ঘুম হোক কিংবা রাতের নিশ্চিন্ত নিদ্রা, কিংবা প্রিয় মানুষের সঙ্গে একান্তে বাইরে কোথাও সময় কাটানো, সব জায়গাতেই গুণ গুণ গান শোনাতে হাজির হয়ে যায় তারা। তবে তাদের সেই সুর তান 'বিল্কুল না-পসন্দ' জন মানুষের। এতক্ষণ কথা হচ্ছে সর্বজনবিদিত মশার। কিন্তু জানেন কি? কেন সবখান ছেড়ে ঠিক কানে বা মাথার আশেপাশে ঘুরপাক খায় এই মশা, আর মশা কি সত্যিই গুণ গুণ করে ডাকতে পারে নাকি এর পছনে লুকিয়ে আছে অন্য রহস্য, জেনে নেওয়া যাক।

মশা সম্পর্কে কয়েকটি কথা
গ্রীষ্ম ও বৃষ্টির দিনে মশার প্রকোপ বাড়ে, আবার অনেক সময় শীতকালেও মশা কামড়াতে থাকে। মশার কামড়ে অনেক বিপজ্জনক রোগের জন্ম হয়। মশার কামড় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ ছড়াতে পারে। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, হেমাগোগাস, এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় 'অ্যানোফিলিস' প্রজাতির স্ত্রী মশা। 'কিউলেক্স' প্রজাতির মশা আকারে বড় হয়। তাদের মাঝেমধ্যে বাড়ির দেওয়ালে বসে থাকতে দেখা গেলেও তারা রক্ত খায় না। তারা মূলত নিরামিষাশী। অর্থাৎ গাছের পাতার রস বা ফুলের রেনু থেকে তারা তাদের পুষ্টি সঞ্চয় করে।

কেন মাথার কাছেই ঘোরে মশা
সবাই নিশ্চই লক্ষ করে থাকেন যে মাথার উপর মশা ঘুরতে শুরু করে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, যে সমস্ত মশা মাথার উপর ঘোরাফেরা করে তা মূলত মানুষকে কামড়ায় না। পুরুষ এবং মহিলা উভয় মশাই মানুষের মাথার উপর ঘোরাফেরা করে, তবে কেবল স্ত্রী মশাই মানুষের রক্ত চুষে খায়। এখন প্রশ্ন হল পুরুষ মশা যদি কামড়ায় না, তাহলে মানুষের মাথায় ঘোরাফেরা করে কেন? গবেষকরা বলছেন, মানুষ তথা সব প্রাণীদের শরীর থেকে লাগাতার নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রতি আকৃষ্ট হয় মশা। এই কার্বন ডাই অক্সাইডের কারণে ১০ মিটার দূর থেকে মশারা বুঝতে পারে যে সেই প্রাণীর অবস্থান কোথায়।

চোখ না থেকেও নির্ভুল সন্ধান
আর্থোপোডা প্রজাতির ডিপথেরা বর্গের এই পতঙ্গের চোখ নেই, কিন্তু আছে লক্ষাধিক পুঞ্জাক্ষি সম্মিলিত দর্শন ক্ষমতা। অর্থাৎ অপটিক ভিশন ছাড়াই নির্ভুল ভাবে বস্তুর অবস্থান নির্ণয়ের ক্ষমতা। মূলত কোনও স্থানে মানুষ আছে তা মশা জানতে পারে মানুষের দেহের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ও ঘামের বা গায়ের গন্ধ থেকে। মাথা বা কানের কাছে মশা ঘোরার প্রধাব কারণ নাক থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সবথেকে বেশি পরমানে বাতাসে থাকে নাকের ঠিক পিছনদিকে। অর্থাৎ কানের কাছে বা মাথার পিছন দিকে। তাই এই দুটি স্থানেই মশা সবথেকে বেশি উড়ে বেড়ায়। এছাড়াও অনেকেই চুলে হেয়ার জেল লাগান। মশারাও এই জেলের সুবাস খুব পছন্দ করে। হেয়ার জেলের ঘ্রাণ পেলেই মশা মাথার চারপাশে ঘুরতে থাকে।

মশার ডাক আসলে কী
মশার গুণ গুণ আওয়াজ কারোরই পছন্দ নয়। কিন্তু মশা আসলে ডাকতে বা আওয়াজ করতে পারেনা। মশার ভোঁ-ভোঁ আওয়াজ হল তার ডানার আওয়াজ। তিন সেকেন্ডে মশার ডানা প্রায় ৯০ হাজার বার ঝাপটা দেয়। আর এত প্রবল ঝাপটার জন্য আওয়াজ শুনতে পারি আমারা।












Click it and Unblock the Notifications